জয়ের মার্জিনের থেকে বেশি সংখ্যক ভোটারের নাম বাদ ! SIR-এ ধাক্কা খাবেন নির্মল-ব্রাত্য-চন্দ্রিমা ?
বারাকপুর মহকুমায় এই "নো ম্যাপিং" (No mapping) এর কারণে বাদ পড়েছে ৩ লক্ষাধিক ভোটারের নাম। আর সেই পরিসংখ্যান যেমন ঘুম কেড়েছে শাসক দলের, পাশাপাশি আশার আলো দেখছে বিরোধীরা।
বিতর্ক শেষ না হলেও শেষের পথে এস আই আর (SIR) বা নির্বাচক তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন নিয়ে সুপ্রিম কোর্টের মামলার দিকে চোখ থাকলেও, প্রাথমিক ভাবে মৃত, স্থানান্তরিত এবং একাধিক জায়গায় নাম থাকা বা “নো ম্যাপিং” (No mapping) এর কারনে বাদ পড়েছে লক্ষ লক্ষ ভোটারের নাম। বারাকপুর মহকুমায় এই “নো ম্যাপিং” (No mapping) এর কারনে বাদ পড়েছে ৩ লক্ষাধিক ভোটারের নাম। আর সেই পরিসংখ্যান যেমন ঘুম কেড়েছে শাসক দলের, পাশাপাশি আশার আলো দেখছে বিরোধীরা। এ পর্যন্ত সব চাইতে বেশী নাম বাদ গেছে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর দমদম বিধানসভায়, সংখ্যা ৩৪ হাজারের উপরে, গত ২০২১ বিধানসভায় এ আসনে ব্রাত্য বসু শতকরা ৪৭.৪৮% ভোট পেয়ে জয়লাভ করেছিলেন ২৬হাজার ৭৩১ ভোটে, যার অর্থ দাঁড়াচ্ছে জয়ী প্রার্থীর জয়ের মার্জিনের থেকে বেশী ভোটারের নাম বাদ গেছে ইতিমধ্যেই। উত্তর দমদম এবারের ভোটে অত্যন্ত গুরুত্বপূর্ণ ১টি আসন, কারণ এ আসনের বর্তমান বিধায়ক রাজ্যের অর্থমন্ত্রী, ২০২১ এর ভোট তিনি জিতে ছিলেন ২৮হাজার ৪৯৯ ভোটে, আর “নো ম্যাপিং” (No mapping) এর কারণে ইতিমধ্যেই উত্তর দমদমে বাদ গেছে ৩২হাজার ভোটারের নাম সাথে রয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সির (Logical discrepancy) কারণে ডাক পাওয়া হাজার হাজার ভোটার। যদি পানিহাটীর কথা ওঠে, তাহলে দেখা যাচ্ছে ২০২১ সালে রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ এ আসন থেকে জয় লাভ করেছিলেন ২৫হাজার ১৭৭ ভোটে। এ বিধানসভায় এস আই আরের “নো ম্যাপিং” (No mapping) এর কারনে বাদ পড়েছে ৩৩হাজার ২০০ ভোটারের নাম। এখনও শেষ হয় নি লজিক্যাল ডিসক্রিপেন্সির (Logical discrepancy) কারণে ডাক পাওয়া ভোটারদের শুনানির কাজ। সুতরাং বারাকপুর মহকুমার তিনটি ভি ভি আই পি (VVIP) আসনেই কিন্তু শাসক দলের জয়ের মার্জিনের থেকে বাদ যাওয়া ভোটারের সংখ্যা ইতিমধ্যেই বেশী। এখনও বাকি লজিক্যাল ডিসক্রিপেন্সির (Logical discrepancy) কারণে ডাক পাওয়া ভোটারদের ভবিষৎ। তবে ভোটের ফল শুধুমাত্র অংক বা সংখ্যা দিয়ে বিচার করা যায় না। সাথে থাকে অনেক আবেগ, যুক্তি, প্রলোভন এবং অবশ্যই দল ও প্রার্থীদের জনপ্রিয়তা। সুতরাং ফল কি হবে সেটা বলবেন জনতা জনার্দন, আমরা শুধু একটা নিরস অংকের হিসাব দিলাম মাত্র।

