বাংলাকে বাঁচাতে এখন বামপন্থীদের সরকার গড়ে তুলতে হবে-বিমান বসু
বাম ঐতিহ্য ফিরিয়ে আনতে প্রার্থী সায়নদীপ মিত্রের সমর্থনে ফের বরানগরে প্রচারে এলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু
নিজস্ব সংবাদদাতা : নির্বাচনের আগে দলীয় প্রার্থীদের মনোবল বাড়াতে এবং সাধারণ মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা এবং দলীয় নীতির বার্তা পৌঁছে দিতে প্রচারে সামিল হচ্ছেন দলের অভিজ্ঞ শীর্ষ নেতৃত্বরা। রাজ্যজুড়ে সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীদের প্রচারেই এই ছবি দেখা যাচ্ছে। এদিন আবারো বরানগরের সিপিআইএম (CPIM) প্রার্থী সায়নদীপ মিত্রকে (Sayandeep Mitra) সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচার সারলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Bose)। তার সঙ্গে উপস্থিত ছিলেন বামেদের তরুণ তুর্কী শতরূপ ঘোষ, বিশিষ্ট অভিনেতা চন্দন সেন সহ অন্যান্যরা। এদিন সায়নদীপ মিত্রের সমর্থনে স্লোগান তুলে লাল পতাকা উড়িয়ে বিশাল বর্ণাঢ্য প্রচার যাত্রা শুরু হয় সিঁথির মোড় (Sinthir More) থেকে। এরপর মিছিলটি বিটি রোড হয়ে বাঘাযতীন রোড, গোপাল লাল ঠাকুর রোড পরিক্রমা করে আলমবাজার বিএস এফ ক্যাম্পের সামনে গিয়ে শেষ হয়। হুডখোলা গাড়ীতে করে সায়নদীপ মিত্রের সমর্থনে এদিনের প্রচার মিছিলে সামিল হলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, শতরূপ ঘোষ (Shatarup Ghosh), বিশিষ্ট অভিনেতা চন্দন সেন। পাশাপাশি বিপুল সংখ্যক বাম কর্মী-সমর্থকেরা স্বতঃস্ফূর্তভাবে এই মিছিলে অংশগ্রহণ করায় মিছিল পরিণত হয় জনজোয়ারে। বিশাল দলীয় পতাকা হাতে নিয়ে কাস্তে-হাতুড়ি-তারা চিহ্নে ভোট দিয়ে সিপিআইএম প্রার্থীকে জয়ী করার স্লোগান তোলেন তারা। বর্ণাঢ্য এই মিছিলে পুরুলিয়ার ছৌ নাচের উপস্থিতি নজর কাড়ে সকলের। মিছিল চলাকালীন পথের দুধারে সাধারণ মানুষের উপস্থিতিও ছিলো চোখে পড়ার মতো।
এই বরানগর বিধানসভা কেন্দ্রটি হলো রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর বিধানসভা কেন্দ্র,যা দীর্ঘদিন ধরে বামেদের শক্ত ঘাঁটি হিসেবেই পরিচিত ছিলো। ১৯৫১ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত টানা ৬ বার এই আসনেই বিধায়ক নির্বাচিত হয়েছেন তিনি। এমনকি ২০০৬ সাল পর্যন্তও বামেদের দখলে ছিলো শহর কলকাতা লাগোয়া বরানগর বিধানসভা কেন্দ্র। কিন্তু ২০১১ সালের পর থেকে এই কেন্দ্রটি তৃণমূলের দখলে চলে যায়। সেই বরানগরে আবার বাম ঐতিহ্য ফিরিয়ে আনতে এদিন প্রচার যাত্রায় অংশগ্রহণ করে বরানগরবাসীর কাছে প্রার্থী সায়নদীপ মিত্রকে জয়ী করার আহ্বান জানালেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তবে, শুধুমাত্র বরানগরেই নয়, বাংলাকে বাঁচাতে এখন দরকার বামপন্থীদের সহযোগিতায় সরকার গড়ে তোলার কর্মসূচী,প্রত্যয়ী কণ্ঠে জানান বিমান বসু।



