পানিহাটীর ভোটযুদ্ধে তীর্থঙ্করের বিপরীতে আরেক ভূমিপুত্র, বদলাবে ভোটের অঙ্ক ?
স্থানীয় দোকান থেকে এলাকার বিভিন্ন বাড়ি- জনসংযোগ করতে কোথাও বাদ রাখেননি। বর্ণাঢ্য রোড শো কিংবা মহামিছিল নয়, বরং বাড়ি বাড়ি গিয়ে প্রচার করার পুরোনো কৌশলেই ভরসা রাখলেন পানিহাটির কংগ্রেস প্রার্থী শুভাশীষ ভট্টাচার্য্য।সেই সঙ্গে এলাকার প্রবীণদের থেকেও নিলেন আশীর্বাদও।
নিজস্ব সংবাদদাতা: আসন্ন বিধানসভা নির্বাচনে (Assembly Election) হাইভোল্টেজ কেন্দ্রগুলির মধ্যে অন্যতম পানিহাটী বিধানসভা এলাকা। আর সেই কেন্দ্রের ভোটযুদ্ধে তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষের (Tirthankar Ghosh) বিপরীতে রয়েছেন আরও এক ভূমিপুত্র। পানিহাটিতে (Panihati) মূলত ত্রিমুখী লড়াইয়ের কথাই বারংবার উঠে আসছে খবরের শিরোনামে। তবে সেই লড়াইয়ের ময়দানে কিন্তু রয়েছেন পানিহাটির আরও এক ভূমিপুত্র তথা এই বিধানসভার জাতীয় কংগ্রেস (Indian National Congress) প্রার্থী শুভাশীষ ভট্টাচার্য্য ওরফে তাতা। বিজ্ঞানে স্নাতক হবার পর বেশ কিছু বছর কর্পোরেট সংস্থায় কাজ করেছেন তিনি। তবে কর্পোরেটের ঝাঁ চকচকে জীবন নয়, বরং রাজনীতির আঙিনায় বেশি প্রিয় তাঁর। তাই কলেজ জীবন থেকেই করেছেন ছাত্র- রাজনীতি। বর্তমানে তিনি রাজ্য কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক। আর সেই শুভাশীষ বাবুর কাছে এবারের বিধানসভা ভোটে নিজের নির্বাচনী কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ এসেছে। হিসেব বলছে, পানিহাটী কংগ্রেসের শক্ত ঘাঁটি নয়। ১৯৭২ সালের নির্বাচনে জিতে এই কেন্দ্রের কংগ্রেস বিধায়ক হন তপন চট্টোপাধ্যায়। তারপর ১৯৯৬ সালে কংগ্রেসের টিকিটে জিতে এই কেন্দ্র থেকে বিধায়ক হন নির্মল ঘোষ। তবে তার পরের নির্বাচনেই তিনি লড়েছিলেন তৃণমূল কংগ্রেসের টিকিটে। টানা ৪ বার বিধায়ক হন তিনি। আর সেই নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষকেই এবার পানিহাটী থেকে প্রার্থী করেছে ঘাসফুল শিবির। তবে সেই হিসেবে নিকেশ নিয়ে ভাবিত নন শুভাশীষ ভট্টাচার্য্য। আর তাই তো এদিন পায়ে হেঁটে পানিহাটি পৌরসভার নম্বর ওয়ার্ডে প্রচার সারলেন তিনি। স্থানীয় দোকান থেকে এলাকার বিভিন্ন বাড়ি- জনসংযোগ করতে কোথাও বাদ রাখেননি। বর্ণাঢ্য রোড শো কিংবা মহামিছিল নয়, বরং বাড়ি বাড়ি গিয়ে প্রচার করার পুরোনো কৌশলেই ভরসা রাখলেন পানিহাটির কংগ্রেস প্রার্থী।সেই সঙ্গে এলাকার প্রবীণদের থেকেও নিলেন আশীর্বাদও।
https://youtu.be/qupBeFFq1ag
পূর্বসূরি তপন চট্টোপাধ্যায় আজ আর নেই। প্রয়াত হয়েছেন তিনি। তবে তাঁর আমলে হওয়া নানান উন্নয়নের খতিয়ানকেই প্রচারের অস্ত্র হিসেবে তুলে ধরছেন তাতা। তাঁর বক্তব্য পানিহাটীতে কলেজ প্রতিষ্ঠা থেকে শুরু করে হাসপাতাল তৈরীর মতো সমস্ত উন্নয়নমূলক কাজ কংগ্রেস বিশেষত তপন চট্টোপাধ্যায়ের সময়কালেই হয়েছে।২০২৪ সালে আরজিকরে ঘটে যাওয়া নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা যেন এবারের পানিহাটির নির্বাচনে ওতপ্রোতভাবে জড়িত। অভয়া আন্দোলনের অন্যতম মুখ কলতান দাশগুপ্ত এখানকার বাম প্রার্থী। বিজেপি এখান থেকে প্রার্থী করেছে স্বয়ং অভয়ার মাকে। আর সেই অভয়ার প্রসঙ্গ উঠে এলো কংগ্রেস প্রার্থীর প্রচারেও। একদিকে তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর পানিহাটির আদি বাসিন্দা, অন্যদিকে কংগ্রেস প্রার্থী শুভাশীষ ভট্টাচার্য্যও এই বিধানসভা এলাকার ভূমিপুত্র। ভোটের ময়দানে দুই ভুমিপুত্রের লড়াই দেখতে মুখিয়ে পানিহাটিবাসী।বদলাবে কি ভোটের অঙ্ক? উত্তর মিলবে ৪ঠা মে।



