পশ্চিমবঙ্গ

পানিহাটীর সেক্টর অফিসারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল!

পানিহাটী কেন্দ্রের ভোট পরিচালনার দায়িত্বে থাকা এক আধিকারিকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে তৃণমূল। তাদের দাবি, এদিন এক্স হ্যান্ডেলে পোস্ট করা একটি ভিডিওতে কয়েকজন ব্যক্তিকে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পতাকা ও প্রচার সামগ্রী প্রস্তুত করতে দেখা যায়।

নিজস্ব সংবাদদাতা : পানিহাটীতে (Panihati) ভোট পরিচালনার দায়িত্বে থাকা এক আধিকারিকের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুললো তৃণমূল (TMC)। আর এই বিষয়ে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তারা। অভিযুক্ত অফিসারের নাম অতনু চক্রবর্তী। সেই সঙ্গে ওই সেক্টর অফিসারের (Sector Officer) বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবিও জানানো হয়েছে ঘাসফুল শিবিরের তরফে।

প্রসঙ্গত আসন্ন নির্বাচনে দমদম (Dumdum) লোকসভা কেন্দ্রের অন্তর্গত পানিহাটী বিধানসভা কেন্দ্রের দিকে নজর রয়েছে রাজ্যবাসী সহ রাজনৈতিক বিশেষজ্ঞদের।একদিকে তৃণমূল প্রার্থী হয়েছেন পানিহাটীর ৫ বারের বিধায়ক নির্মল ঘোষের ছোট ছেলে তীর্থঙ্কর ঘোষ (Tirthankar Ghosh), অন্যদিকে এই বিধানসভা এলাকায় লড়াকু নেতা কলতান দাশগুপ্তের (Kalatan Dasgupta) ওপরই ভরসা রেখেছে সিপিআইএম (CPIM)। সেই সঙ্গে এই কেন্দ্রে বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে আরজিকরে (R.G.Kar) নির্যাতিতার মা রত্না দেবনাথকে। সেই সঙ্গে ভোটের ময়দানে রয়েছে কংগ্রেস প্রার্থী শুভাশিস ভট্টাচার্য। আর এই হাইভোল্টেজ কেন্দ্রের ভোট পরিচালনার দায়িত্বে থাকা এক আধিকারিকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে তৃণমূল। তাদের দাবি, এদিন এক্স হ্যান্ডেলে পোস্ট করা একটি ভিডিওতে ( যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি ৭এ নিউজ ডট কম ) কয়েকজন ব্যক্তিকে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পতাকা ও প্রচার সামগ্রী প্রস্তুত করতে দেখা যায়। তৃণমূল সূত্রে খবর,সেই ভিডিও খতিয়ে দেখেই অতনু চক্রবর্তীকে শনাক্ত করা হয়। এরপরই তাঁর বিরুদ্ধে নির্বাচনী বিধি লঙ্ঘনের অভিযোগ তুলে কমিশনকে চিঠি দিয়েছে জোড়াফুল শিবির সেই চিঠিতে বলা হয়েছে, অফিসারের এই ধরণের আচরণ সাধারণ মানুষের মধ্যে নির্বাচন কমিশনের (Election Commission) নিরপেক্ষতা নিয়ে ধন্দ তৈরি করতে পারে। তাই তাদের অভিযোগকে সঠিকভাবে খতিয়ে দেখে অভিযুক্ত আধিকারিকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে তৃণমূল।

নির্বাচন কমিশন এবং তৃণমূলের সংঘাত সর্বজনবিদিত। এবার পানিহাটীর সেক্টর অফিসারকে নিয়ে কমিশনের কাছে নালিশ জানালো রাজ্যের বিদায়ী শাসক শিবির।আগামীতে কোন দিকে মোড় নেয় এদিনের ঘটনা সেটাই এখন দেখার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *