অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ি নিয়ে কড়া পদক্ষেপ KMC-র, নথি-সহ বাবাকে তলব
অনুমোদিত নকশা ও নির্মাণ সংক্রান্ত নথি খতিয়ে দেখছে কলকাতা পুরসভা। আলিপুর বরো অফিসে হাজিরার নির্দেশ থাকলেও আইনজীবীর মাধ্যমে নথি জমা দেন অমিত বন্দ্যোপাধ্যায়।

নিজস্ব সংবাদদাতা : বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছেনা তৃণমূলের ‘যুবরাজ’ অভিষেক ব্যানার্জির। এবার কলকাতা পুরসভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়কে তাঁদের কালীঘাটের বাড়ির যাবতীয় নথিপত্রসহ তলব করলো । নিয়ম অনুযায়ী শুক্রবারই অমিত বন্দ্যোপাধ্যায়ের আলিপুরে অবস্থিত পুরসভার দপ্তরে উপস্থিত হওয়ার কথা ছিল। তবে তিনি নিজে সেখানে না গিয়ে তাঁর আইনজীবীর মাধ্যমে প্রয়োজনীয় নথিপত্র পাঠিয়ে দিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িটি সরকারি নিয়মকানুন মেনে তৈরি করা হয়েছে কি না, তা বর্তমানে খতিয়ে দেখছে KMC। মূলত কালীঘাট এলাকার দুটি বাড়ির অনুমোদিত নকশা এবং নির্মাণ কাজ সংক্রান্ত যাবতীয় গুরুত্বপূর্ণ নথি যাচাই করার উদ্দেশ্যেই এই তলব করা হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য যে, গত মাসেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কিত একাধিক ঠিকানায় নোটিস পাঠিয়েছিল কলকাতা পুরসভা। পুরসভার সেই পদক্ষেপকে চ্যালেঞ্জ জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় এবং মা লতা বন্দ্যোপাধ্যায়। তাঁরা আদালতে আবেদন জানিয়েছেন যে, ৯-সি, হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়ি এবং অন্যান্য সমস্ত সম্পত্তি সম্পূর্ণভাবে আইনসিদ্ধ ও সরকারি নিয়ম মেনে তৈরি করা হয়েছে, তাই পুরসভার পাঠানো ওই নোটিসটি বাতিল করা হোক।
পুরসভা সূত্রে জানা গেছে যে, কালীঘাটে অবস্থিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িটি নির্ধারিত নিয়ম ও অনুমোদিত নকশা মেনে নির্মাণ করা হয়েছে কি না, তা নিশ্চিত করার জন্যই বাড়ি সংক্রান্ত নথিপত্র নিয়ে আলিপুরে কলকাতা পুরসভার ৯ নম্বর বরো অফিসের বিল্ডিং বিভাগে উপস্থিত হওয়ার জন্য অমিত বন্দ্যোপাধ্যায়কে বলা হয়েছিল। এর আগেও কালীঘাটে অভিষেকের বাড়ির সামনে গিয়ে পুরসভার কর্মীরা বাড়িটির মাপজোক করে এসেছিলেন।
কেবল বসতবাড়িই নয়, পুরসভার কড়া নজর রয়েছে অভিষেকের সঙ্গে যুক্ত সংস্থা ‘লিপ্স অ্যান্ড বাউন্ডস’-এর সম্পত্তির ওপরও। ইতিমধ্যে সংস্থাটিকেও নোটিস প্রদান করা হয়েছে। ওই সংস্থার অন্যতম ডিরেক্টর হিসেবে অমিত বন্দ্যোপাধ্যায় রয়েছেন। সূত্রের খবর অনুযায়ী, কালীঘাট রোড ও হরিশ মুখার্জি রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর সংস্থার নামে থাকা বিভিন্ন সম্পত্তির বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চেয়েছে পুরসভা। কলকাতা পুরসভার ৪০১ ধারার অধীনে নোটিস পাঠিয়ে সংশ্লিষ্ট বাড়িগুলির অনুমোদিত বিল্ডিং প্ল্যান, নির্মাণ সংক্রান্ত সমস্ত নথি এবং অতিরিক্ত নির্মাণের অনুমতির যাবতীয় কাগজ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।



