পানিহাটিতে প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের বাড়িতে গভীর রাতে বোমাবাজি, আতঙ্কে পরিবার; তদন্তে খড়দহ থানার পুলিশ
মুখ ঢাকা দুষ্কৃতীদের বাইক থেকে পরপর বোমা নিক্ষেপের অভিযোগ। ঘটনাস্থল থেকে একটি বোমা উদ্ধার করেছে পুলিশ। তীর্থঙ্কর ঘোষ পুলিশি হেফাজতে, নির্মল ঘোষের অবস্থান অজানা—পরিবারের মহিলা ও শিশুদের মধ্যে চরম আতঙ্ক।

নিজস্ব সংবাদদাতা : পানিহাটি বিধানসভার প্রাক্তন বিধায়ক এবং অত্যন্ত প্রভাবশালী তৃণমূল নেতা নির্মল ঘোষের বাসভবনের সামনে গভীর রাতে ভয়াবহ বোমাবাজি। অভিযোগ উঠেছে যে, কিছু দুষ্কৃতী বাইকে করে এসে পরিকল্পিতভাবে তাঁর বাড়ির দিকে একাধিক বোমা নিক্ষেপ করে। এই আকস্মিক ও হিংসাত্মক ঘটনায় নির্মল ঘোষের পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েছেন। প্রাপ্ত তথ্যানুযায়ী, অভিযুক্তরা নিজেদের মুখ ঢেকে বাইকে করে ঘটনাস্থলে এসে পরপর বেশ কয়েকটি বোমা ছুড়ে মারে। ঘটনার খবর পাওয়ার পরে খড়দহ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ইতিমধ্যেই বিস্তারিত তদন্ত শুরু করেছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি বোমা উদ্ধার করতে সক্ষম হয়েছে। বর্তমানে পুলিশ এলাকার সমস্ত সিসিটিভি (CCTV) ফুটেজ খতিয়ে দেখছে এবং সেই ভিডিওর মাধ্যমে অভিযুক্ত দুষ্কৃতীদের শনাক্ত করে দ্রুত গ্রেফতার করার প্রচেষ্টা চালাচ্ছে।
নির্মল ঘোষের পুত্র, পানিহাটি পৌরসভার কাউন্সিলর তীর্থঙ্কর ঘোষ এই মুহূর্তে রয়েছেন পুলিশি হেপাজতে, আর খোদ নির্মল ঘোষের হদিস কেউ জানেনা। সুতরাং তাদের বাড়িতে এখন রয়েছেন পরিবারের মহিলা সদস্য, শিশু এবং বাচ্চারাই। আর সেই পরিস্থিতিতে নির্মল ঘোষের বাড়িতে বোমাবাজির ঘটনায় যথেষ্ট আতংকিত এবং এই অপ্রীতিকর ঘটনা সেই সময় বাড়ির মধ্যে থাকা সদস্যদের মধ্যে ব্যাপক ভীতি ও উদ্বেগের সৃষ্টি করেছে।
পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের কন্যা ছন্দা ঘোষ জানিয়েছেন যে, ঘটনার সময় তাঁরা বাড়ির ভেতরেই ছিলেন। তারা বিকট শব্দ পেয়ে বাইরে উঁকি মারতেই দেখেন চর্তুদিকে প্রচুর পরিমাণে ধোঁয়া ছড়িয়ে রয়েছে , কিছুই দেখা যাচ্ছেনা। চারিদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ায় পরিস্থিতি এমন ভয়াবহ হয়ে উঠেছিল যে, কারা এই অপরাধমূলক কাজটি সম্পন্ন করেছে তা স্পষ্টভাবে দেখা সম্ভব হয়নি। এছাড়াও প্রাক্তন এই বিধায়কের বাড়ি রেল-সাইডিংয়ে হওয়ার কারণে অন্ধকার থাকে, তাই মধ্যরাতে অপরাধীরা ঠিক কোনদিক দিয়ে পালিয়ে গিয়েছে তা শনাক্ত করা সম্ভব হয়নি। তবে পরিবারের সদস্যরা জানিয়েছেন, তারা প্রশাসনের ওপরে ভরসা রাখছেন, বাড়িতে হামলা হওয়ার মতো কোনো কাজ তারা করেননি। এর আগে কোনোদিনও তাদের বাড়িতে এমন কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
মাত্র কদিন আগেই ১৩-ই জুলাই, পানিহাটীর বিজেপি নেতা জয় সাহার বাড়িতে ২০২১ সালে বিধানসভা নির্বাচনের সময় বোমাবাজির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন তীর্থঙ্কর ঘোষ, আদালতে নিয়ে যাওয়ার পথে তীর্থঙ্করকে ঘিরে চলেছে ‘ডিম থেরাপি’ , আর এই পরিস্থিতির মধ্যেই এবার ভয়াবহ বোমাবাজির ঘটনা ঘটলো পানিহাটীর ‘ঘোষ-বাড়িতে’।



