শেষ পর্যন্ত পুলিশের জালে পানিহাটীর তীর্থঙ্কর
নির্বাচন পরবর্তী হিংসা এবং টাকা হাতানোর অভিযোগে দক্ষিনেশ্বর থেকে গ্রেপ্তার পানিহাটীর দোর্দন্ড প্রতাপ তৃণমূল নেতা, পানিহাটীর ৫বারের বিধায়ক নির্মল ঘোষের পুত্র এবং ২০২৬এর নির্বাচনে পানিহাটী কেন্দ্রে তৃণমূল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে ৫৯ হাজারের বেশী ভোট পাওয়া তীর্থঙ্কর ঘোষ।
নিজস্ব সংবাদদাতা : শেষ পর্যন্ত মা ভবতারিনীর আশ্রয় থেকে পুলিশের জালে একদা পানিহাটীর দোর্দন্ড প্রতাপ তৃণমূল নেতা, পানিহাটীর ৫বারের বিধায়ক নির্মল ঘোষের পুত্র এবং ২০২৬এর নির্বাচনে পানিহাটী কেন্দ্রে তৃণমূল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে ৫৯ হাজারের বেশী ভোট পাওয়া তীর্থঙ্কর ঘোষ। বেশ কিছুদিন ধরে তিনি গা ঢাকা দিয়ে ছিলেন বলে জানা যাচ্ছে। নির্বাচনের পরেই ২০২১ সালের নির্বাচন পরবর্তী হিংসা মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারির দাবী ওঠে, অভিযোগ ওঠে ১৮ই এপ্রিল ২০২১ রাতে বিজেপি নেতা জয় সাহার বাড়িতে যে সশস্ত্র হামলা হয়েছিলো তার সাথে সরাসরি যুক্ত ছিলেন তীর্থঙ্কর ঘোষ। এ ছাড়াও পার্থ সরকার নামের এক ক্ষুদ্র ব্যবসায়ী ২০২৩ সালে অভিযোগ করেছিল, এই তীর্থঙ্কর ঘোষের নেতৃত্বে তিনি লটারীতে ফার্স্ট প্রাইজ হিসেবে যে কোটি টাকা পেয়ে ছিলেন, সেই টিকিটটি তৎকালীন বিধায়কের বাড়িতে ডেকে নিয়ে গিয়ে তার কাছ থেকে প্রাণ নাশের হুমকী দিয়ে কেড়ে নেয়া হয়েছিল। আপাততঃ এই দুটি মামলায় খড়দহ থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে দক্ষিনেশ্বরের একটি অতিথিশালা থেকে তাকে গ্রেপ্তার করে খড়দহ থানায় নিয়ে আসে।
তোলাবাজি, বেআইনিভাবে আগ্নেয়াস্ত্র প্রদর্শন করা এবং জোরপূর্বক লটারির টিকিট হাতিয়ে নেওয়ার মতো একাধিক গুরুতর অভিযোগ রয়েছে পিতা ও পুত্রের বিরুদ্ধে। এই সমস্ত অপরাধমূলক কর্মকাণ্ডের প্রেক্ষিতে খড়দহ থানায় অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগ দায়ের হওয়ার মুহূর্ত থেকেই প্রাক্তন বিধায়ক এবং তাঁর ছেলেকে খুঁজতে পুলিশ নিরন্তর তল্লাশি চালিয়ে আসছিল। দীর্ঘ সময় ধরে তাঁদের দুজনকেই জনসমক্ষে বা প্রকাশ্যে দেখা যায়নি। তবে এরই মধ্যে গত শনিবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের একটি দলীয় বৈঠক চলাকালীন পানিহাটির প্রাক্তন বিধায়ককে সেখানে উপস্থিত হন। এর ঠিক কয়েকদিনের মধ্যেই আজ তাঁর ছেলে তীর্থঙ্কর ঘোষ পুলিশের জালে ধরা পড়েন এবং গ্রেফতার হন।
সম্প্রতি সমাপ্ত বিধানসভা নির্বাচনে পানিহাটি বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তীর্থঙ্কর ঘোষ। তাঁর বিপরীতে বিজেপি প্রার্থী হিসেবে লড়াই করেছিলেন রত্না দেবনাথ, যাঁর কাছে বিপুল সংখ্যক ভোটের ব্যবধানে পরাজিত হন তীর্থঙ্কর। এই রাজনৈতিক পটপরিবর্তন এবং তীর্থঙ্করের পরাজয়ের ঘটনার পর থেকেই স্থানীয় বিজেপি নেতৃত্ব ঘোষ পরিবারের দুর্নীতি নিয়ে সরব হয়েছেন। তাঁদের দাবি অনুযায়ী, দীর্ঘ একটি সময় ধরে এই বাবা ও ছেলের বিরুদ্ধে স্থানীয় এলাকায় একাধিক সমাজবিরোধী ও দুষ্কৃতীমূলক কার্যকলাপ চালানোর অভিযোগ রয়েছে। নির্মল ঘোষের ছেলে গ্রেফতার হওয়ার ঘটনা প্রসঙ্গে পানিহাটির বর্তমান বিধায়ক বলেন, নির্মল-পুত্রের গ্রেফতারির পর পানিহাটির বিধায়ক বলেন, “নির্মল ঘোষের ছেলে গ্রেফতার হয়েছে। নির্মল ঘোষ এখনও গ্রেফতার হয়নি। ছেলে ধরা পড়েছে মানে বাবাও এ বার ধরা পড়বে। কান টানলে মাথা তো আসবেই।”



