সোদপুরে রিলসের নেশা প্রাণ কেড়ে নিলো ১ মাধ্যমিক পরীক্ষার্থীর, আহত আরও ১
ইংরাজী পড়তে না গিয়ে সোদপুর হাই স্কুলের ২ ছাত্র, নীলচন্দ্র দাস এবং কৌস্তভ মন্ডল পৌঁছে গিয়েছিলো পানিহাটির ১২ মন্দির ঘাটে। আর ছবি তোলার পর তারা নেমে পড়ে গঙ্গার জলে, সূত্রের খবর ২জনের মধ্যে সাঁতার জানতোনা ১জনও। ফলে জলের টানে ভেসে যেতে থাকে তারা, আর সে সময়েই গঙ্গায় স্নান করছিলো সাগর চৌধুরী নামের এক যুবক, সে বিষয়টি দেখতে পেয়ে নীলচন্দ্র দাসকে জল থেকে উদ্ধার করতে পারলেও ভেসে যায় কৌস্তভ।
৭এ নিউজ ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় রিলসের নেশা শেষ পর্যন্ত প্রাণ কেড়ে নিলো এক মাধ্যমিক পরীক্ষার্থীর, গুরুতর অবস্থা আরও এক জনের। এদিন সকাল থেকেই আকাশে খেলা করছিলো মেঘ আর রোদ্দুর, সেই ছবি মোবাইল বন্দী করতে ইংরাজী পড়তে না গিয়ে সোদপুর (Sodepur) হাই স্কুলের ২ ছাত্র, নীলচন্দ্র দাস এবং কৌস্তভ মন্ডল পৌঁছে গিয়েছিলো পানিহাটির (Panihati) ১২ মন্দির ঘাটে। আর ছবি তোলার পর তারা নেমে পড়ে গঙ্গার জলে, সূত্রের খবর ২জনের মধ্যে সাঁতার জানতোনা ১জনও। ফলে জলের টানে ভেসে যেতে থাকে তারা, আর সে সময়েই গঙ্গায় স্নান করছিলো সাগর চৌধুরী নামের এক যুবক, সে বিষয়টি দেখতে পেয়ে নীলচন্দ্র দাসকে জল থেকে উদ্ধার করতে পারলেও ভেসে যায় কৌস্তভ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খড়দহ থানার পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরের ডুবুরীরা। দীর্ঘ সময় ধরে খোঁজাখুঁজির পর অবশেষে আজ নদী থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে কৌস্তভের নিথর দেহ।
বিষয়টি জানতে পেরেই ১২ মন্দির ঘটে পৌঁছে যান ২ ছাত্রের পরিবারের লোকজন, ভীড় জমান স্থানীয় কৌতুহলী মানুষজনও। এই ১২ মন্দির ঘাটে গত ক`য়েক মাসে বেশ কিছু প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে, অভিযোগ, ঘাটের নিচের অংশ বিপজ্জনক ভাবে ভেঙে যাবার ফলে এই ধরণের দুর্ঘটনাগুলি এখন নিয়মিত ঘটছে, পৌরসভাকে বিষয়টি বারংবার জানানো হলেও কাজ হয় নি কিছুই। বেড়ে চলেছে মৃতের সংখ্যা।গঙ্গার পারে ছবি তুলবে বলে আজ ইংরাজী গৃহশিক্ষকের কাছে না গিয়ে নীল এবং কৌস্তভ চলে এসেছিলো এই ঘাটে, আর তারপরেই ঘটে এই মর্মান্তিক ঘটনা, জানালেন নিখোঁজ ছাত্র কৌস্তভের দাদু ও ঠাকুমা। অন্যদিকে যার সাহসিকতায় রক্ষা পেয়েছে নীল, সেই সাগর চৌধুরী জানালো সে সাঁতার কাটতে গিয়ে ঘটনাটি দেখতে পেয়ে ১জনকে বাঁচাতে পেরেছে, অন্যজন ভেসে গেছে তার চোখের সামনে। ইংরাজীর গৃহশিক্ষক মিলন জানার বক্তব্য, প্রশাসনের উচিত এই সমস্ত ঘাটগুলিতে নজরদারী বাড়ানো, যাতে এমন ধরণের দুর্ঘটনা এড়ানো যায়।জানা গিয়েছে, বেলঘরিয়ার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে নীলচন্দ্র দাস এবং তার অবস্থা স্থিতিশীল বলেই খবর সূত্রের। অন্যদিকে শোকস্তব্ধ কৌস্তভ মন্ডলের পরিজনেরা।



