সোদপুরে ক্লাব কেলেঙ্কারী, কাটা পড়লো বেআইনী বিদ্যুতের সংযোগ
সোদপুর আমরাবতীতে ক্লাব কেলেঙ্কারী, কাটা পড়লো বিলাসবহুল ক্লাব ও অনুষ্ঠান বাড়ির বেআইনী বিদ্যুতের সংযোগ

নিজস্ব সংবাদদাতা : এবার সোদপুরে সবার নাকের ডগায় বিদ্যুৎ চুরি করে বিশাল ক্লাব এবং বিলাসবহুল অনুষ্ঠান বাড়ি চালাবার অভিযোগে চাঞ্চল্য ছড়ালো অমরাবতী এলাকায়। অভিযোগ ক্লাবের বর্তমান পরিচালন সমিতি দীর্ঘদিন ধরে এই চৌর্যবৃত্তি করে প্রচুর টাকা আত্মসাৎ করেছে বিলাসবহুল অনুষ্ঠান বাড়ি ভাড়া দিয়ে। এদিন রাজ্য বিদ্যুৎ পর্ষদের বন্টন বিভাগের কর্তারা ওই ক্লাবে পৌঁছে দেখেন, সম্পূর্ণ বেআইনী পথে, জেক বলে “হুক” করে একাধিক এসি মেশিন সহ পুরো অনুষ্ঠান বাড়ি এবং ক্লাব ভবনের বিদ্যুৎ সংযোগ করা হয়েছিল। ক্লাবের ভিতরে থাকা একটি প্রাইমারী স্কুলের অবশ্য সরকারী মিটার রয়েছে। বিদ্যুৎ পর্ষদ কর্মীরা সমস্ত বেআইনী সংযোগ কেটে সংযোগে ব্যবহৃত তার গুলি বাজেয়াপ্ত করে নিয়ে যায়। তবে ঘটনার সময়ে দেখা মেলে নি কোনও ক্লাব কর্তার। আরও অভিযোগ আশেপাশের বেশ ক`য়েকটি দোকানেও নাকি ক্লাবের থেকে বেআইনী ভাবে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছিল। প্রসঙ্গত উল্লেখ্য সোদপুরের এই সুপ্রাচীন ক্লাবটির বর্তমান পরিচালন সমিতির সভাপতি হিসেবে উঠে আসছে স্থানীয় কাউন্সিলর, পূর্বতন পৌরপ্রধানের নাম, সাথে সম্পাদক তার ছেলে। ঘটনাটি ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায় সম্ভ্রান্ত অমরাবতী এলাকায়।
স্থানীয় বাসিন্দা বনানী রায় জানালেন, তিনি দীর্ঘ দিন ধরেই ক্লাবের সদস্য। কিন্তু বর্তমান কমিটি কোনও সদস্যকেই কোনো কিছু জানাতো না, ফলে তারা এই বিদ্যুৎ চুরির বিষয়টি সম্পর্কে কিছুই জানতেন না।
ক্লাবের আর এক সদস্য কৌশিক সময়ের অভিযোগ স্থানীয় স্থানীয় কাউন্সিলর, পূর্বতন পৌরপ্রধান ও তার ছেলে মিলেই বর্তমানে ক্লাব চালাচ্ছিল সমস্ত সদস্যদের অন্ধকারে রেখে, এই ঘটনা ক্লাবের এবং সমস্ত অমরাবতী এলাকার বাসিন্দাদের কাছে অত্যন্ত লজ্জাজনক, ক্লাবের প্রাইমারী স্কুলের ১টি মিটার থাকলেও, সবকটি ঘরের বিদ্যুৎ সেই মিটার থেকে নেয়া ছিল না, ফলে এই গরমে কষ্ট করতে হচ্ছে ছোট ছোট পড়ুয়াদেরও।
বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা WBSEDCL এর পক্ষ থেকে যেটা জানা গেছে, তারা ইতিমধ্যেই ক্লাব কতৃপক্ষের বিরুদ্ধে যথোচিত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছেন। তীব্র সংকটে স্কুল পড়ুয়ারা।


