news

ময়নাগুড়িতে ভয়াবহ দুর্ঘটনার কবলে সরকারী বাস,মৃত ৫, আহত বহু

সরকারী বাসে ভয়াবহ দুর্ঘটনা ময়নাগুড়িতে, বাস-ট্রেলারের সংঘর্ষে মৃত ৫, আহত বহু,বাড়ছে মৃতের সংখ্যা

নিজস্ব সংবাদদাতা : ভয়াবহ দুর্ঘটনা উত্তরবঙ্গের জলপাইগুড়ি-ময়নাগুড়ি জাতীয় সড়কে। ময়নাগুড়ি থেকে দোমোহনী যাবার পথে উল্লাডাবরি এলাকায় দ্রুতগামী সরকারী বাস দাঁড়িয়ে থাকা ট্রেলারে ধাক্কা মারে। প্রত্যক্ষদর্শীরা জানান, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রেলারটিকে পাস্ কাটিয়ে বেরিয়ে যাবার সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেলারটির পিছন দিকে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে সরকারী বাসটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। বাসের সামনের দিকে বসে থাকা যাত্রীরা গুরুতর জখম হন। আচমকা বিকট আওয়াজে ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারা। দুর্ঘটনার জেরে এখনো পর্যন্ত শিশু সহ ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, গুরুতর জখম হয়েছে প্রায় ৪০ জন যাত্রী। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে আসেন পুলিশ। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ শুরু হয়। রক্তাক্ত অবস্থায় আহতদের দ্রুত উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতাল এবং জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে আশংকাজনক একাধিক। মর্মান্তিক এই দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়।
প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কারণে রাস্তা-ঘাট পিচ্ছিল হয়ে পড়ায় এই দুর্ঘটনা ঘটতে পারে। যদিও কি কারনে বাসটি নিয়ন্ত্রণ হারালো দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখছে পুলিশ। সেই সঙ্গে মৃত এবং আহতদের পরিচয় জানবার চেষ্টা চালানো হচ্ছে।
মর্মান্তিক এই দুর্ঘটনায় এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মৃত এবং আহতদের আর্থিক সাহায্যের ঘোষণাও করেছেন তিনি। মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনাও প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা, গুরুতর আহতদের ১ লক্ষ এবং তুলনামূলক কম আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *