পশ্চিমবঙ্গ

গরমের ছুটি শেষ, তাও বন্ধ স্কুল! রাজ্যের ১৬৫টি বিদ্যালয় এখনও কেন্দ্রীয় বাহিনীর দখলে

গরমের ছুটি শেষ, তাও বন্ধ স্কুল! রাজ্যের ১৬৫টি বিদ্যালয় এখনও কেন্দ্রীয় বাহিনীর দখলে রাজ্যে গরমের ছুটি শেষ হয়ে স্কুল খুললেও ১৬৫টি বিদ্যালয় এখনও কেন্দ্রীয় বাহিনীর দখলে। স্কুল শিক্ষা দপ্তর জেলা প্রশাসনকে দ্রুত বাহিনী সরিয়ে বিকল্প স্থানে পুনর্বাসনের নির্দেশ দিয়েছে।

৭এ নিউজ ডেস্ক: রাজ্যে বিধানসভা নির্বাচন শেষ হওয়ার পর এবং গরমের ছুটি কাটিয়ে গত ১ জুন থেকে সব স্কুলে আবার পড়াশোনা শুরু হয়ে গিয়েছে। কিন্তু রাজ্য স্কুল শিক্ষা দফতর জানতে পেরেছে যে, জেলা বিদ্যালয় পরিদর্শকদের (D.I.) রিপোর্ট অনুযায়ী, রাজ্যের ১৬৫টি স্কুল এখনও কেন্দ্রীয় বাহিনী (আধা-সামরিক বাহিনী) দখল করে রেখে দিয়েছে। স্কুলগুলোর ভেতরে এই বাহিনীর ক্যাম্প থাকার কারণে ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের নিয়মিত পড়াশোনা এবং ক্লাস করতে মারাত্মক সমস্যা হচ্ছে।

এই পরিস্থিতির দিকে নজর রেখে গত ১০ জুন, ২০২৬ তারিখে পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব (Additional Chief Secretary) একটি জরুরি নির্দেশিকা জারি করেছেন। সমস্ত জেলার জেলা শাসক (DM) এবং কলকাতার পুলিশ কমিশনারকে পাঠানো এই চিঠিতে স্পষ্ট জানানো হয়েছে, স্কুল প্রাঙ্গণ থেকে কেন্দ্রীয় বাহিনীকে সরিয়ে অবিলম্বে কোনও অ-শিক্ষামূলক বা বিকল্প স্থানে (non-educational venue) তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। বিদ্যালয়গুলোতে দ্রুত স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য জেলা বিদ্যালয় পরিদর্শকদেরও জেলা শাসকদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ ও সমন্বয় বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারি রিপোর্টে দেখা যাচ্ছে, রাজ্যের প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের মোট ১৬৫টি স্কুল কেন্দ্রীয় বাহিনীর ক্যাম্পের কারণে ছুটির পর আর খোলাই সম্ভব হয়নি। এর মধ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতি দক্ষিণ ২৪ পরগনায়, যেখানে সর্বোচ্চ ৩৫টি স্কুল বন্ধ রয়েছে। এর ঠিক পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা জেলা, যেখানে ২৫টি স্কুল এখনও বাহিনীর দখলে। এছাড়া মুর্শিদাবাদে ১৪টি, কোচবিহারে ৯টি, পশ্চিম বর্ধমানে ৮টি এবং ব্যারাকপুর ও বীরভূমে ৭টি করে স্কুল এই তালিকায় রয়েছে।

রাজ্যের রাজধানী কলকাতাতেও ৩টি প্রাথমিক স্কুলসহ মোট ৯টি বিদ্যালয় এখনও বন্ধ রয়েছে। যার মধ্যে রয়েছে কাশবাগান গার্লস হাই স্কুল, চৌবাগা হাই স্কুল এবং ব্রিজি এ টি নস্কর হাই স্কুলের মতো প্রতিষ্ঠান। তালিকায় থাকা অন্যান্য জেলার মধ্যে হুগলিতে ৬টি, নদিয়া ও উত্তর দিনাজপুরে ৫টি করে, পূর্ব বর্ধমান, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও পুরুলিয়াতে ৪টি করে স্কুল রয়েছে। এছাড়া জলপাইগুড়িতে ৫টি, দক্ষিণ দিনাজপুরে ১টি এবং শিলিগুড়িতে ১টি স্কুল বন্ধ রয়েছে। আলিপুরদুয়ার, দার্জিলিং, মালদা, কালিম্পং এবং ঝাড়গ্রামে অবশ্য কোনও স্কুল বন্ধ থাকার খবর মেলেনি। পড়ুয়াদের ভবিষ্যৎ ও পঠন-পাঠনের স্বার্থে এই অচলাবস্থা কাটাতে রাজ্য প্রশাসন দ্রুত পদক্ষেপ নিতে শুরু করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *