পশ্চিমবঙ্গ

বেলঘরিয়ায় সরকারী জমিতে বিলাসবহুল বাস গ্যারাজ, কাঠগড়ায় তৃণমূল নেতা,সরব বিজেপি

পৌরসভার বিনা অনুমতিতে বেলঘরিয়ায় সরকারী জমি দখল করে বিলাসবহুল বাস গ্যারাজ,কাঠগড়ায় প্রভাবশালী তৃণমূল নেতা,পদক্ষেপের দাবী বিজেপির

নিজস্ব সংবাদদাতা : দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিলো বেলঘরিয়া (Belgharia) এক্সপ্রেসওয়ে সংলগ্ন প্রায় ৭০ বিঘা সরকারী জমি বেসরকারী বাস সংস্থা বেআইনীভাবে দখল করে রীতিমতো শেড তৈরী করে দূরপাল্লার বাস রাখা, সার্ভিসিং সেন্টার সহ অফিসও চালানো হচ্ছে এবং তা কামারহাটী পৌরসভার (Kamarhati Municipality) অনুমতি ছাড়াই। অথচ অভিযোগ, দিনের পর দিন ওই বেসরকারী বাস সংস্থার কাছ থেকে ভাড়া বাবদ প্রতি মাসে প্রায় ২৫ লক্ষ টাকা নিচ্ছেন কামারহাটীর তৃণমূল বিধায়ক মদন মিত্র এবং তার ঘনিষ্ট ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরিন্দম ভৌমিক ওরফে আপ্পা। এবার রাজ্যে সরকারের পালা বদলের পর থেকেই বিভিন্ন জায়গায় সরকারী জমি জবরদখল করে বেআইনী ব্যবসা গড়ে তোলার বিরুদ্ধে লাগাতার প্রতিবাদ শুরু হয়েছে বিজেপির (BJP) পক্ষ থেকে। আর এদিন কামারহাটী বিজেপি মন্ডল ১-এর সভাপতি বাসব পাল,সুদীপ্ত রায় সহ অন্যান্য সহকর্মীদের সাথে নিয়ে বিজেপির নেতা অরূপ চৌধুরী বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ধারে ওই বিতর্কিত বাসডিপো চত্বর ঘুরে দেখলেন। মূলতঃ,বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে সংলগ্ন দক্ষিণেশ্বর মেট্রোরেলের স্টেশনের কাছে ওই জায়গাটি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে মেট্রো রেলের কাজের জন্য কর্তৃপক্ষকে দেওয়া হয়েছিলো। সেই কাজ শেষ হয়ে যাবার পরে মেট্রোরেল কর্তৃপক্ষ জায়গাটি ফেরতও দিয়ে দেয়। আর তারপর থেকেই প্রায় ৭০ বিঘা সরকারী জমি জবরদখল করে বেআইনী ভাবে দূরপাল্লার বাস গ্যারাজ,গাড়ি সার্ভিসিং সেন্টার করে ব্যবসা চালাচ্ছে বেসরকারী বাস সংস্থা। উল্লেখ্য, মাস কয়েক আগেই ওই বেআইনী বাস গ্যারাজ নিয়ে সরব হয়েছিলেন কামারহাটী পৌরসভারই আর এক তৃণমূল কাউন্সিলর তথা সিআইসি সৌমিত্র পুততুন্ড। সেই সময়েও কামারহাটী পৌরসভার তরফে স্পষ্ট জানানো হয়েছিল যে তারা এই জায়গা ব্যবহারের অনুমতি দেয়নি এবং ওই বেসরকারী বাস সংস্থা থেকেও তারা কোনো ভাড়া পাননা। এই ঘটনা নিয়ে পৌরসভার পক্ষ থেকে কড়া পদক্ষেপের হুঁশিয়ারীও দেওয়া হয়। কিন্তু হয়নি কোনো সুরাহা। আর এদিন বিজেপির নেতা অরূপ চৌধুরী এই ঘটনা নিয়েই গোটা বাসডিপো চত্বর পরিদর্শনের পর কামারহাটী পৌরসভারকে দ্রুত ব্যবস্থা নেবার আবেদন জানানোর পাশাপাশি পৌরসভাকে অন্ধকারে রেখে ওই গ্যারাজের ভাড়া বাবদ প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা আত্মস্বাৎ করার অভিযোগ তুললেন রাজ্যের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee),কামারহাটীর বিধায়ক মদন মিত্র (Madan Mitra) সহ কামারহাটীর ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরিন্দম ভৌমিক ওরফে আপ্পার বিরুদ্ধে। তিনি জানান, এই বেআইনী ব্যবসা বন্ধ করতে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের জন্য মুখ্যমন্ত্রীকেও চিঠি দেবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *