এবার ত্রাণ সামগ্রী উদ্ধারের ঘটনায় শিরোনামে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব! ত্রাণ মজুতে কাঠগড়ায় সুজিত বসু ঘনিষ্ঠ কাউন্সিলর
বিধাননগর বিধানসভার অন্তর্গত দক্ষিণ দমদম পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খেলার মাঠ সংলগ্ন একটি বহুতলের ঘরে ঢুকতেই দেখা যায় সেখানে মজুত রয়েছে প্রচুর পরিমান ত্রাণ সামগ্রী। সেই সঙ্গে উদ্ধার হয় বিপুল পরিমাণ ব্যাগ, ছোটদের পোশাক এবং গঙ্গাসাগরে পুণ্যার্থী ও অতিথিদের দেবার জন্য সরকারি উপহার।
৭এ নিউজ ডেস্ক: পরিবর্তনের বঙ্গে তৃণমূল নেতা নেত্রীদের বাড়ি কিংবা পার্টি অফিস থেকে ত্রাণ সামগ্রী উদ্ধারের ঘটনা প্রায় নিত্য নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবার ত্রাণের পাহাড় লেকটাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের (Sreebhumi Sporting Club) খেলার মাঠ সংলগ্ন একটি বহুতলের নীচতলার ঘর। আর সরকারি ত্রিপল, কম্বল উদ্ধারের ঘটনায় সরাসরি অভিযোগের তীর রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসু ( Sujit Bose) ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর নিতাই দত্তের দিকে। এদিন বিধাননগর বিধানসভার অন্তর্গত দক্ষিণ দমদম পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খেলার মাঠ সংলগ্ন একটি বহুতলের ঘরে ঢুকতেই দেখা যায় সেখানে মজুত রয়েছে প্রচুর পরিমান ত্রাণ সামগ্রী। সেই সঙ্গে উদ্ধার হয় বিপুল পরিমাণ ব্যাগ, ছোটদের পোশাক এবং গঙ্গাসাগরে পুণ্যার্থী ও অতিথিদের দেবার জন্য সরকারি উপহার। প্রসঙ্গত, ২০২২ থেকে ২০২৬ সাল পর্যন্ত গঙ্গাসাগর মেলার সামগ্ৰিক ব্যবস্থাপনার অন্যতম প্রধান দায়িত্বে থাকতেন সুজিত বসু। সেই গঙ্গাসাগর মেলার জন্য বরাদ্দ উপহারও মিলেছে ঘর থেকে। তবে এখানেই শেষ নয় উদ্ধার হওয়া সামগ্রীর তালিকা। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খেলার মাঠ সংলগ্ন ঘরে থরে থরে সাজানো রয়েছে দমদম পুরসভার ছাপ সম্বলিত বর্জ্য ফেলার বালতিও ! আর এ হেন বিপুল পরিমাণ সামগ্রী উদ্ধারের ঘটনায় স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ,তৎকালীন প্রভাবশালী নেতা সুজিত বসুর মদতে এবং পৌরপিতা নিতাই দত্তের নির্দেশেই ত্রাণ সামগ্রী সহ অন্যান্য জিনিস মজুত করা হয়েছিল।ইতিমধ্যেই এদিনের ঘটনা প্রসঙ্গে লেকটাউন থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বিজেপির তরফে। উল্লেখ্য, পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডি (Enforcement Directorate) হেফাজতে রয়েছেন সুজিত বসু। তার মধ্যে ত্রাণ সামগ্রী উদ্ধারের ঘটনায় রাজ্যের প্রাক্তন মন্ত্রীর ‘সাধের ক্লাব’ এলো সংবাদ শিরোনামে।



