তারাতলা কান্ডে বিপাকে ববি হাকিম, রাজ্যের প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের!
মূলত তারাতলা কান্ডে গাফিলতি এবং সেই 'অভিশপ্ত' নির্মীয়মাণ গোডাউনের ত্রুটিপূর্ণ নকশায় চূড়ান্ত অনুমোদন দেবার অভিযোগে ববির বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হয়েছে বিজেপির সংগঠনটি।একই সঙ্গে কলকাতার ৮০ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার আনোয়ার খান ও ১৩৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার সামস ইকবালের নামেও অভিযোগ দায়ের হয়েছে। এদিনের অভিযোগপত্রে মূলত চারটি দাবি রাখা হয়েছে মজদুর সেলের তরফে।
৭এ নিউজ ডেস্ক: তারাতলা বিপর্যয়ের (Taratala incident) কারণে বেজায় অস্বস্তিতে কলকাতার প্রাক্তন মেয়র এবং রাজ্যের প্রাক্তন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। এবার তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলো বিজেপির শ্রমিক সংগঠন ‘ভারতীয় জনতা মজদুর সেল।’ মূলত তারাতলা কান্ডে গাফিলতি এবং সেই ‘অভিশপ্ত’ নির্মীয়মাণ গোডাউনের ত্রুটিপূর্ণ নকশায় চূড়ান্ত অনুমোদন দেবার অভিযোগে ববির বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হয়েছে বিজেপির সংগঠনটি।একই সঙ্গে কলকাতার ৮০ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার আনোয়ার খান ও ১৩৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার সামস ইকবালের নামেও অভিযোগ দায়ের হয়েছে। এদিনের অভিযোগপত্রে মূলত চারটি দাবি রাখা হয়েছে মজদুর সেলের তরফে।
১) তাদের অভিযোগপত্রকে এফআইআর হিসেবে গণ্য করে দ্রুত তারাতলা কান্ডের সুষ্ঠূ ও সঠিক তদন্ত করতে হবে।
২) এদিনের বিপর্যয়ের ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে হবে।
৩) ফিরহাদ হাকিম, আনোয়ার খান এবং সামস ইকবালকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।
৪) এলাকায় থাকা একই ধরনের ঝুঁকিপূর্ণ নির্মাণগুলিকে দ্রুত পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
উল্লেখ্য, গত বুধবার আচমকাই তারাতলায় একটি নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ে। মুহূর্তের মধ্যেই ঘটে যায় অঘটন। কংক্রিটের স্তুপের নীচে আটকে পড়েন বহু শ্রমিক। ঘটনাস্থলে তখন শুধুই বাঁচার আর্তি এবং অ্যাম্বুলেন্সের শব্দ। ঘটনার আকস্মিকতা কাটিয়ে তড়িঘড়ি ধ্বংসস্তূপের তলা থেকে শ্রমিকদের উদ্ধার করতে তৎপর হন ভারতীয় সেনা, বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং দমকল কর্মীরা। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারাতলা বিপর্যয়ের জেরে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৭ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যাও নেহাত কম নয়। তবে এত জনের মৃত্যুর দায় কার ? উত্তর খুঁজছেন তদন্তকারীরা।
ইতিমধ্যেই তারাতলা কান্ডে নির্মাণ প্রক্রিয়ায় গাফিলতি এবং গুদামের নকশা অনুমোদনে বেনিয়ম করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ৬ জনকে। এবার সরাসরি অভিযোগের দায়ের করা হলো রাজ্যের প্রাক্তন মন্ত্রী ববি হাকিমের বিরুদ্ধে। সেই সঙ্গে অভিযোগের তালিকায় রয়েছেন আরও ২ কাউন্সিলর। আর গুদাম গন্ডগোলের ঘটনায় বিজেপির শ্রমিক সংগঠন ছাড়াও তৃণমূলের কালীঘাট শিবিরও একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘আস্থাভাজন’ হিসেবে পরিচিত ফিরহাদ হাকিমের গ্রেপ্তারির দাবিতে সরব হয়েছে। তারাতলা বিপর্যয়ের তদন্ত আগামীতে কোন দিকে মোড় নেয় সেদিকে নজর রইলো আমাদের।



