কামারহাটীর কাউন্সিলরদের গঙ্গায় চোবানোর নিদান বিজেপি নেতৃত্বের
কামারহাটীতে যে সমস্ত নির্দল ও তৃণমূল কাউন্সিলররা পিছনের দরজা দিয়ে বিজেপিতে ঢোকার চেষ্টা করছে, সেটা করতে দেয়া হবে না। জানিয়ে দিলেন বিজেপি নেতৃত্ব
নিজস্ব সংবাদদাতা : পুরপ্রধান ও ১ কাউন্সিলরের পদত্যাগের পর গত ৪ঠা জুলাই কামারহাটী পৌরসভায় ২৩জন পৌরপ্রতিনিধির উপস্থিতিতে গত ২০২২সালের পৌর নির্বাচনে ১৫নম্বর ওয়ার্ড থেকে নির্দল প্রার্থী হিসেবে জয়ী সুশান্ত চ্যাটার্জিকে নতুন পৌরপ্রধান হিসেবে নির্বাচিত করা হয়। যিনি আবার সম্পর্কে বিজেপির সাধারণ সম্পাদক লকেট চ্যাটার্জীর নিজের ভাই। সে দিন তিনি উপস্থিত ছিলেন না ঠিকই, কিন্তু ঠিক তার আগে গত ২৯শে জুন, কামারহাটীর ২৩ নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর সোমনাথ রায়চৌধুরীর পরিচালনায় রথতলায় যে বিশাল রথযাত্রা হয়, তার সূচনায় স্নানযাত্রায় উপস্থিত হয়ে ছিলেন বিজেপির সাধারণ সম্পাদক লকেট চ্যাটার্জী। আর এই দুটি বিষয়কে দুয়ে দুয়ে চার করে প্রচার শুরু হয়েছিল কামারহাটী পৌরসভা দখল নিলো বিজেপি, কিন্তু সম্প্রতি বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য এক বিবৃতিতে কামারহাটীর পুরবোর্ড দখল নিয়ে তীব্র ভাষায় সরব হন। আর তার পরেই এদিন পৌরসভার সামনে প্রতিবাদ সভা করে বিজেপির কলকাতা উত্তর শহরতলী জেলার পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেয়া হলো, যে সমস্ত নির্দল ও তৃণমূল কাউন্সিলররা পিছনের দরজা দিয়ে বিজেপিতে ঢোকার চেষ্টা করছে, সেটা করতে দেয়া হবে না। এই সভায় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সহ সভাপতি রাজু ব্যানার্জী, কলকাতা উত্তর শহরতলী জেলার সভাপতি চণ্ডীচরণ রায় এবং জেলা ও রাজ্যের কিষান মোর্চার নেতৃত্ব অরূপ রায় চৌধুরী সহ তিনটে মন্ডল এর সভাপতি সহ বিজেপির কর্মী সমর্থকেরা।
সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির রাজ্য সহ সভাপতি রাজু ব্যানার্জী কামারহাটী পৌরসভার বর্তমান কাউন্সিলরদের চোর ও দুর্নীতিগ্রস্থ আখ্যা দিয়ে তাদের গঙ্গায় চোবানোর নিদান দেন।
অন্য দিকে দলের কলকাতা উত্তর শহরতলী জেলার সভাপতি চণ্ডীচরণ রায় স্পষ্ট জানিয়ে দেন, কামারহাটী পৌরসভায় বিজেপি`র ১জনও কাউন্সিলর নেই, সে ক্ষেত্রে দুর্নীতিগ্রস্থ বোর্ডের দখল নেয়ার কোনও প্রশ্নই ওঠে না।
সব মিলিয়ে কামারহাটী পৌরসভার নব নির্বাচিত বোর্ড নিয়ে রাজনৈতিক চাপানউতোর অব্যাহত। একদিকে বিজেপির দাবী সুশান্ত চ্যাটার্জি তাদের দলের কেউ নন, আবার সুশান্ত চ্যাটার্জির দাবী, তিনি দীর্ঘ দিনের বিজেপি কর্মী ছিলেন। এখন দেখার কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়।



