news

বারুইপুর কাণ্ডে নিহত কিশোরীর বাড়িতে সিপিআইএম প্রতিনিধি দল, সরকারের বিরুদ্ধে তোপ সুজন চক্রবর্তীর

১৬৩ ধারা জারির মধ্যেই নিহত কিশোরীর বাড়িতে সিপিআইএম প্রতিনিধি দল; ঘটনার নিরপেক্ষ তদন্ত, দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, সরকারের ভূমিকাও প্রশ্নের মুখে তুললেন সুজন চক্রবর্তী।

নিজস্ব সংবাদদাতা : বারুইপুরে নিহত কিশোরীর বাড়িতে পৌঁছলেন সিপিআইএমের প্রতিনিধি দল। গতকাল ঘটনার কথা প্রকাশ্যে আসতেই সক্রিয় ভূমিকা পালন করতে দেখা যায় স্থানীয় সিপিআইএম কর্মী, সমর্থকদের। সিপিআইএমের অভিযোগ ঘটনার সাথে যুক্তরা সবাই রাজ্যের বর্তমান শাসক দলের সমর্থক।
আজ সকাল থেকেই পরিস্থিতি আয়ত্তের মধ্যে রাখতে নরেন্দ্রপুর, বারুইপুর এবং সোনারপুর থানা এলাকায় ১৬৩ধারা জারি করা হয়েছে। তার মধ্যেই নির্যাতিতার পরিবারের সাথে দেখা করলেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী, শমীক লাহিড়ী লাহেক আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ। তারা এই ঘটনার সাথে যুক্ত সবার দ্রুত গ্রেপ্তারী এবং নিরপেক্ষ তদন্তের দাবী করেন। নিহত কিশোরীর শোকার্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করার পর সুজন চক্রবর্তী বলেন, “বারুইপুরে অত্যন্ত নৃশংসভাবে এক কিশোরীকে ধ*র্ষণ করে হত্যা করা হয়েছে। এই ঘটনাটি যেভাবে ঘটেছে, তা এতটাই জঘন্য যে এর নিন্দা করার জন্য কোনো ভাষা বা শব্দ যথেষ্ট নয়। আমরা এই ঘটনার সুষ্ঠু ও দৃষ্টান্তমূলক বিচার চাই।”
একইসঙ্গে, এই অপরাধমূলক ঘটনায় পুলিশের ভূমিকা এবং তদন্ত প্রক্রিয়া নিয়েও গুরুতর প্রশ্ন তুলেছেন বামপন্থী এই নেতা।এরপর বর্তমান সরকারের সমালোচনা করতে গিয়ে সুজন চক্রবর্তী বলেন, “অভয়ার জন্য এখনও পর্যন্ত কাঙ্ক্ষিত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব হয়নি। সরকার যদি অপরাধীদের রক্ষাকর্তা হিসেবে কাজ করে বা দোষীদের পাশে দাঁড়ায়, তবে তার পরিণতি কী হতে পারে, তা আমরা অভয়ার ঘটনার মাধ্যমেই দেখেছি। আমরা যেমন অভয়ার জন্য ন্যায়বিচার দাবি করছি, ঠিক তেমনই বারুইপুরের এই কিশোরীর জন্যও আমরা ন্যায়বিচার চাই। যারা অভয়ার জন্য ন্যায়বিচার দাবি করেছিল, তারাই আজ সরকারে ক্ষমতায় বসে আছে। বারুইপুরের সাধারণ মানুষ এবং সমগ্র রাজ্যের মানুষ এই নৃশংস ঘটনার বিরুদ্ধে কঠোর বিচার ও ন্যায়বিচার দাবি করছে। আমরা বারুইপুরের এই ঘটনার চূড়ান্ত নিষ্পত্তি বা বিচার নিশ্চিত হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাব।”
সুজন চক্রবর্তী আরও জানান, তারা পরিবারটির পাশে থাকবেন, যে সহযোগিতা দরকার হবে পরিবারটির, তারা সমস্ত রকম ভাবে সাহায্য করবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *