news

নিমতায় গ্যাংওয়ারে খুন কুখ্যাত রাজা দত্ত

গভীর রাতে গ্যাংওয়ার বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ধারে খলিশাকোটায় গুলিতে ঝাঁজরা এলাকার ডন রাজা দত্ত

নিজস্ব সংবাদদাতা : ২০২১সালে অগাস্ট মাসে বীরভূমের ২ ব্যাবসায়ীকে ডানকুনিতে নিজে গুলি চালিয়ে খুন করেছিলেন, সেই মামলায় দীর্ঘদিন জেলও খাটতে হয়েছিল তাকে, তারপরেও একাধিক খুন, হামলা, জমি দখল,বেআইনী নির্মাণ সহ তোলাবাজির অভিযোগ ছিল তার বিরুদ্ধে, আর রবিবার গভীর রাতে এক গ্যাংওয়ারে গুলিতে ঝাঁজরা হয়ে গেলো নিমটা, বিরাটী এলাকার সেই কুখ্যাত দুষ্কৃতী রাজা দত্ত। তার বিরুদ্ধে সোদপুরে এক সাংবাদিককে খুন করার অভিযোগও ছিলো। পুলিশ সূত্রে খবর, রবিবার গভীর রাতে খলিসাকোটার ওই এলাকায় আগে থেকেই দুষ্কৃতীরা উপস্থিত ছিল। তারা রাজার পূর্বপরিচিত ছিলো বলেই অনুমান। সেখানেই দুই সঙ্গীকে নিয়ে পৌঁছোন রাজা। তাঁর কাছ থেকে আগ্নেয়াস্ত্র কেড়ে নিয়েই তাঁকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়েছে, প্রাথমিক ভাবে মনে করছেন তদন্তকারীরা। খবর পেয়েই দমদম থানার পুলিশ রাজা দত্তকে রক্তাক্ত অবস্থায় আর জি কর মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনার তদন্তে পৌঁছেছেন ব্যারাকপুর কমিশনারেটের ডিসি সাউথ সমীর আহমেদ সহ বিশাল পুলিশ বাহিনী, এলাকাটিকে ঘিরে ফেলে চলছে তদন্তের কাজ। ঠিক যেখান থেকে রাজার মৃতদেহ উদ্ধার হয়েছে, সেখানেই রক্তের দাগ লাগা অবস্থায় দেখা যাচ্ছে একটি স্করপিও গাড়িকে। স্থানীয় মানুষজনের দাবি, এই রাজা দত্তের দাপটে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ধারে খলিশাকোটার এই এলাকায় থাকাটাই বিপদজনক হয়ে উঠে ছিলো , সারা দিন এই বাড়ি ও দোকানটিকে কেন্দ্র করে সমাজবিরোধী, দুষ্কৃতীদের সমাবেশে এই রাস্তা ব্যবহার করাটাই মুশকিল হচ্ছিলো এলাকার মানুষের পক্ষে।
পুলিশের অনুমান এই রাজা দত্ত খুনের পিছনে রয়েছে পুরনো শত্রুতা এবং গত রাতে গ্যাংওয়ারে খুন করা হয়েছে রাজাকে। খুনী বা খুনীদের খোঁজে তল্লাশী শুরু করেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গুন্ডা দমন শাখা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *