কলকাতা

অভিনেতা রাহুলের মৃত্যুতে এফআইআর (FIR) দায়ের আর্টিস্ট ফোরামের

অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর প্রতিবাদে কালো ব্যাচ পড়ে মৌন মিছিল করেন অভিনেতা-অভিনেত্রীরা,যোগ দিয়েছিলেন সাধারণ মানুষও। বিচার চেয়ে পুলিশের দ্বারস্থ স্ত্রী প্রিয়াঙ্কা সহ আর্টিস্ট ফোরামের সদস্যরা

নিজস্ব সংবাদদাতা : অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে শোকস্তব্ধ টলিউড, এখনো পর্যন্ত অভিনেতার এহেন মৃত্যু মেনে নিতে পারছেননা তার অসংখ্য অনুরাগী থেকে শুরু করে গোটা টলিউডের অভিনেতা-অভিনেত্রীরা। গত ২৯ মার্চ উড়িষ্যার তালসারিতে ‘ভোলবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে গিয়ে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুকে কেন্দ্র করে রহস্য দানা বেঁধেছে। পুলিশ সূত্রে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গেছে, সমুদ্রের জলে ডুবেই মৃত্যু হয়েছে অভিনেতার। পুলিশ সূত্রে আরো জানা গেছে,লীনা গঙ্গোপাধ্যায়ের ম্যাজিক মোমেন্টস’ প্রযোজনা সংস্থা নাকি পুলিশের কোনও অনুমতি ছাড়াই ওই বিপদজনক জায়গায় শুটিং করছিল। পাশাপাশি ওই ধারাবাহিকের শুটিংয়ে উপস্থিত কলাকুশলী সহ টেকনিশিয়ানদের বয়ানের সাথে প্রত্যক্ষদর্শী স্থানীয়দের বয়ানে অসঙ্গতি মেলায় অভিনেতার মৃত্যু রহস্য আরো ঘনীভূত হয়। প্রযোজনা সংস্থার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন প্রয়াত অভিনেতার স্ত্রী অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার সহ বেশিরভাগ অভিনেতাই। কী ভাবে ঘটল এই ঘটনা? শনিবার বিকেলে টলিউডের শিল্পী-কলাকুশলীরা কালো ব্যাচ পড়ে কয়েক কিলোমিটার পথ হেঁটে মৌন মিছিল করেন, অভিনেতা-অভিনেত্রীদের সাথে সেই মৌনমিছিলে যোগ দিয়েছিলেন সাধারণ মানুষও। অভিনেতার মৃত্যুর সঠিক কারণ জানতে এবং নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবীতে আর্টিস্ট ফোরামের সভাপতি শান্তিলাল মুখোপাধ্যায় আইনি পদক্ষেপের কথা জানান। সেই অনুযায়ী ৪ এপ্রিল দুপুরে আর্টিস্ট ফোরামের তরফে রিজেন্ট পার্ক থানায় একটি ‘জ়িরো’ এফআইআর দায়ের করা হয়েছে। এদিন রিজেন্ট পার্ক থানায় অভিযোগ জানাতে আর্টিস্ট ফোরামের তরফে টলিউডের একাধিক তারকার সঙ্গে উপস্থিত ছিলেন প্রয়াত অভিনেতার স্ত্রী প্রিয়াঙ্কা সরকারও। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুর ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার ৬১(২), ১০৬(১) এবং ২৪০ ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানা গিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *