অভয়া আন্দোলনের অনেকেই তাঁর পাশে নেই-রত্না দেবনাথ
প্রার্থী হবার পর আর জি কর আন্দোলনে সামিল রাজনীতির বাইরের মানুষেরা অনেকেই তাঁর পাশে নেই-রত্না দেবনাথ
নিজস্ব সংবাদদাতা : নির্বাচন কমিশনের (Election Commission) বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ২৯শে এপ্রিল ২য় দফায় নির্বাচন পানিহাটী (Panihati) বিধানসভা কেন্দ্রে। সেই অনুযায়ী আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকী রয়েছে। সে কারনে স্বাভাবিকভাবেই সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত কর্মী-সমর্থকদের নিয়ে নিরলস প্রচার সারছেন ডান-বাম-রাম সব রাজনৈতিক দলের প্রার্থীরাই। আর ২৬`র বিধানসভা নির্বাচনে (Assembly Election) সারা রাজ্যের মধ্যে বিশেষভাবে পানিহাটী কেন্দ্রের নির্বাচনী লড়াই অন্যমাত্রা পেয়েছে মূলত ১টি কারনে। এখানে মুখোমুখী অভয়া আন্দোলনের অন্যতম মুখ সিপিআইএম (CPIM) প্রার্থী কলতান দাসগুপ্ত এবং স্বয়ং অভয়ার মা বিজেপি (BJP) প্রার্থী রত্না দেবনাথ। প্রার্থী নির্বাচিত হবার পর থেকেই সন্তান হারানোর যন্ত্রনা বুকে নিয়েই পানিহাটীর প্রতিটি ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে অক্লান্ত প্রচার করে চলেছেন রত্না দেবনাথ, সাথে রয়েছেন বিজেপি কর্মী-সমর্থকেরা। জাস্টিস ফর আর জি কর (R.G.Kar), তিলোত্তমার রক্ত,হবে নাতো ব্যর্থ, যে স্লোগানগুলি এতদিন আর জি কর আন্দোলনের অন্যতম স্লোগান হিসেবে আন্দোলনকারীরা তো বটেই সাধারণ মানুষেরও মুখে মুখে ঘুরত সেই সব স্লোগান বিধানসভা নির্বাচনে পানিহাটী কেন্দ্রের গেরুয়া শিবিরের নির্বাচনী স্লোগানে পরিণত হয়েছে। এদিন সেই স্লোগানে মুখরিত কর্মী-সমর্থকদের নিয়ে পানিহাটীর ৯ নম্বর ওয়ার্ডের আগরপাড়ায় অলিগলি ঘুরে ভোট প্রার্থনা করলেন বিজেপি প্রার্থী রত্না দেবনাথ। প্রচার চলাকালীন স্থানীয় মন্দিরে পুজো দিলেন প্রার্থী। পাশাপাশি প্রচার চলাকালীন রাজনৈতিক সৌজন্যতাও রক্ষা করতে দেখা গেলো তাকে। আগরপাড়ার মহাজাতি নগরে প্রচারের পথে প্রয়াত তৃণমূল (TMC) পৌরপিতা অনুপম দত্তের আবক্ষ মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করলেন বিজেপি প্রার্থী রত্না দেবনাথ।
তার জয় মানে পানিহাটীবাসীর জয়, প্রচারের প্রথম দিন থেকেই এই বার্তা দিয়েছেন তিনি। কিন্তু আর জি কর আন্দোলনের প্রথম দিন থেকে রাজনীতির বাইরের যে মানুষগুলো তার পাশে ছায়া সঙ্গীর মতো ছিলেন, মেয়ের বিচার পেতে রাজনীতির ময়দানে নেমে বিজেপি প্রার্থী হবার পর তারা এখনও কি তার পাশে রয়েছেন ? এই প্রশ্নের উত্তরে রত্না দেবনাথ জানালেন,প্রার্থী হবার পর আর জি কর আন্দোলনে সামিল রাজনীতির বাইরের মানুষেরা অনেকেই তার পাশে নেই।



