শ্রমিক আন্দোলনে উত্তপ্ত সোদপুরের রাজা বিস্কুট কারখানা
কর্তৃপক্ষের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ! আন্দোলনে নামলেন সোদপুর রাজা বিস্কুট কারখানার কর্মীরা
নিজস্ব সংবাদদাতা : ফের খবরের শিরোনামে সোদপুরের রাজা বিস্কুট কারখানা। ফের শ্রমিক অসন্তোষে উত্তেজনা ছড়ালো কারখানা চত্বরে। সূত্রের খবর, এদিন বেলার দিকে একাধিক দাবিকে সামনে রেখে এবং কোম্পানির পরিচালন সমিতির বিরুদ্ধে একাধিক অভিযোগে সরব হরে কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন কর্মীরা। ওঠে জোরালো স্লোগানও।
একদিকে কারখানার অস্থায়ী কর্মীরা যেমন অভিযোগ করছেন যে তাদের চাকরির কোনো স্থায়িত্ব নেই, ন্যায্য মজুরি নেই তেমনি কারখানার স্থায়ী কর্মীদের দাবি, দীর্ঘ ২৪-২৫ বছর ধরে চাকরি করলেও তাদের বেতন বাড়েনি। সেই সঙ্গে মেলেনা কোনো অতিরিক্ত সুযোগ সুবিধা। এখানেই শেষ নয়, অভিযোগের তালিকা। কর্মীদের অভিযোগ, কর্তৃপক্ষ রীতিমতো তাদের ওপর থ্রেট কালচার চালায়। আচমকাই কর্মী ছাঁটাই করে। সেই সঙ্গে কাজের চাপ বাড়লেও বেতন বাড়ানো হয়নি বলেও অভিযোগ করলেন শ্রমিকরা। তৃণমূল আমলে কর্তৃপক্ষের বিরুদ্ধে মুখ খুলতে পারেননি। তাই পালাবদলের বঙ্গে নিজেদের দাবি দাওয়া পূরণ করতে আন্দোলনের পথে হেঁটেছেন তারা।অস্থায়ী কর্মীদের পাশাপাশি এদিনের আন্দোলনে শামিল হয়ে একাধিক অভিযোগে সরব হন স্থায়ী কর্মীরাও।
উল্লেখ্য,২০২০ সালে জানুয়ারি মাসে শ্রমিক অসন্তোষের কারণ দেখিয়ে তালা পড়ে সোদপুরের রাজা বিস্কুট কারখানায়। তবে কর্মীদের লাগাতার আবেদনে সাড়া দিয়ে বন্ধ হবার চারদিন পর ফের খোলে কারখানার দরজা। এবার সেই কারখানাতেই আবার মাথা চারা দিয়ে উঠেছে শ্রমিক অসন্তোষ। কর্তৃপক্ষ তাদের দাবি না পূরণ করলে আগামীদিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা- স্পষ্ট হুঁশিয়ারি কর্মীদের। আগামীতে এই শ্রমিকদের দাবি নিয়ে কি পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ ? সেটাই এখন দেখার।



