পশ্চিমবঙ্গ

মেয়ের বাড়ি যাওয়া হলো না বাবার, পথেই মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু বৃদ্ধের

শিবচতুর্দশীর নিমন্ত্রণ রক্ষা করতে যাওয়াই হলো কাল। কৃষ্ণগঞ্জের তালদহ–মাজদিয়া এলাকায় পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন বছর ৭৪ র এক বৃদ্ধ নিতাই বিশ্বাস।মেয়ের শ্বশুরবাড়ি যাওয়ার সময়ই মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়েন ওই বৃদ্ধ বলে খবর সূত্রের।  

নিজস্ব সংবাদদাতা : শিবচতুর্দশীর নিমন্ত্রণ রক্ষা করতে যাওয়াই হলো কাল। কৃষ্ণগঞ্জের তালদহ–মাজদিয়া এলাকায় পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন বছর ৭৪ র এক বৃদ্ধ নিতাই বিশ্বাস।মেয়ের শ্বশুরবাড়ি যাওয়ার সময়ই মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়েন ওই বৃদ্ধ বলে খবর সূত্রের।

জানা গিয়েছে,মৃতের বাড়ি রানাঘাট থানার অধীনস্থ জিরাট এলাকায়। আর তাঁর মেয়ের শ্বশুরবাড়ি কৃষ্ণগঞ্জের বিজয়পুরে।  শিবচতুর্দশীর ব্রত পালন উপলক্ষে মেয়ে বাবাকে দুপুরের আহারের জন্য বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই নিমন্ত্রণ রক্ষা করতেই মোটরসাইকেলে করে রওনা দেন নিতাইবাবু। অভিযোগ, কৃষ্ণগঞ্জ থানার অধীনস্থ তালদহ–মাজদিয়া এলাকায় তিনি পৌঁছতেই চাপড়া থানার অধীনস্থ তিলকপুর এলাকার বাসিন্দা সঞ্জয় বিশ্বাস উল্টো দিক থেকে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে এসে তার বাইকে সজোরে ধাক্কা মারেন। সংঘর্ষের জেরে ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন নিতাইবাবু। গুরুতর জখম হন সঞ্জয় বিশ্বাসও।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। আহত দু’জনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক নিতাই বিশ্বাসকে মৃত বলে ঘোষণা করেন। সঞ্জয় বিশ্বাসের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ইতিমধ্যেই শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে খবর হাসপাতাল সূত্রে।

অন্যদিকে নিতাই বিশ্বাসের এ হেন মর্মান্তিক মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন তার পরিজনেরা। শোকের ছায়া এলাকাতেও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *