শনি থেকে রাজ্যে শুরু বৃষ্টি, বসন্তেই কি তবে বর্ষাকালের অনুভূতি ?
আজ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তবে আগামীকাল এবং পরশু এই তিন জেলা ছাড়াও কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার এক দুটি স্থানে হালকা বৃষ্টিপাত হতে পারে।

শনিবার সন্ধ্যে নামতেই ঝেঁপে বৃষ্টি শহরতলিতে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতো আজও রাজ্যের একাধিক জেলায় রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। আর আগামী দুদিন অর্থাৎ সপ্তাহের শুরুর দিকে গোটা দক্ষিণবঙ্গ জুড়েই রয়েছে বৃষ্টির ভ্রূকুটি। শীতের আমেজ প্রায় নেই বললেই চলে। খাতায় কলমে এখন বসন্তকাল হলেও দিনের বেলার রোদের তেজ মনে করাচ্ছে গ্রীষ্মের প্রবল দাবদাহের কথা।
এর মাঝেই আগামী সপ্তাহেও বৃষ্টির পূর্বাভাস দিলো হাওয়া অফিস। আজ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তবে আগামীকাল এবং পরশু এই তিন জেলা ছাড়াও কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার এক দুটি স্থানে হালকা বৃষ্টিপাত হতে পারে। বুধবারও দুই ২৪ পরগনাতে রয়েছে বৃষ্টির ভ্রূকুটি। সোমবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়াতে বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি হয়েছে।
উত্তরবঙ্গের ক্ষেত্রেও থাকছে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। আজ দার্জিলিং,জলপাইগুড়ি ও কালিম্পঙের এক দুটি স্থান ভিজতে পারে। সেই সঙ্গে সোমবার থেকে বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টির জন্য জারি হয়েছে হলুদ সতর্কতা। সোমবার উত্তরবঙ্গের ৮ জেলাতেই থাকছে বৃষ্টির সম্ভাবনা। ওই দিন ৩০-৪০ কিমি বেগে উত্তরবঙ্গের সব জেলাতেই ঝোড়ো হাওয়াও বইতে পারে। তবে আগামী ৭ দিনে রাজ্যের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রায় তেমন কোনো হেরফের হবে না। সবমিলিয়ে আগামী সপ্তাহে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস থাকায় ভরা বসন্তে খানিক বর্ষাকালের আমেজ অনুভূত হতে পারে।


