ঘুমের ওষুধ ছড়িয়ে ২টি বাড়িতে দুঃসাহসিক চুরি,আতঙ্ক বেলঘরিয়ায়
প্রথম ঘটনাটি ঘটে চন্দন বোসের বাড়িতে। পরিবারের অভিযোগ, রাত দুটোর পর রান্নাঘরের লোহার গ্রিল ভেঙে ঘরে ঢুকে আলমারির চাবি বের করে প্রায় ৫০ হাজার টাকা নগদ এবং লক্ষাধিক টাকার সোনার গয়না লুট করে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা।
৭এ নিউজ ডেস্ক: রহস্যজনকভাবে গভীর রাতে পরপর ২টি বাড়ীতে দুঃসাহসিক চুরির ঘটনায় তীব্র আতঙ্ক ছড়ালো বেলঘরিয়ার (Belgharia News) নন্দননগর-নেতাজীপল্লী এলাকায়। অভিযোগ, গভীর রাতে লোহার গ্রিল ও গেটের তালা ভেঙে বাড়িতে ঢুকে নগদ টাকা ও সোনার গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। প্রথম ঘটনাটি ঘটে চন্দন বোসের বাড়িতে। পরিবারের অভিযোগ, রাত দুটোর পর রান্নাঘরের লোহার গ্রিল ভেঙে ঘরে ঢুকে আলমারির চাবি বের করে প্রায় ৫০ হাজার টাকা নগদ এবং লক্ষাধিক টাকার সোনার গয়না লুট করে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। সাত সকালে ঘুম ভাঙতেই ঘর ও আলমারী লন্ডভন্ড অবস্থায় দেখতে পেয়ে হতবাক হয়ে যান বোস পরিবারের সদস্যরা। তাদের অনুমান, সম্ভবত ঘুমের ওষুধ স্প্রে করে এই চুরি ঘটনা ঘটানো হয়েছে।
বাড়ীর কর্ত্রী বেবী বোস জানালেন বহু বছর ধরে তারা এই এলাকায় বাস করছেন,তাদের এলাকায় চুরির ঘটনা ঘটতে পারে এমনটাই ভাবতে পারেননি তারা। তার দাবী, বাড়ির ভিতরের যাবতীয় তথ্য সম্পর্কে জেনে শুনেই চোরেরা পরিকল্পনা করে এসেছিলো এবং সম্ভবত তারা ঘুমের ওষুধ স্প্রে করে চুরির ঘটনা ঘটিয়েছে। এরপরেই ওই একই এলাকায় স্বপন ডাকুয়ার বাড়িতে হানা দেয় দুষ্কৃতীরা। অভিযোগ, লোহার গেটের তালা খুলে প্রথমে ১টি ঘরে ঢুকে দুটি আলমারি থেকে নগদ প্রায় ৩ লক্ষ ৮০ হাজার টাকা এবং আনুমানিক ১৭ লক্ষ টাকার সোনার গয়না চুরির পর পাশের ঘরেও ঢুকেছিল চোর, কিন্তু পরিবারের এক সদস্য টের পেয়ে যাওয়ায় বাইরে থেকে দরজা বন্ধ করে পালিয়ে যায়।ঘটনার পর থেকেই তীব্র আতঙ্কে ঘুম উড়েছে তাদের – জানালেন দুষ্কৃতীর মুখোমুখি হওয়া ওই পরিবারের এক সদস্যা বিউটি ডাকুয়া।
ক্ষতিগ্রস্ত ২টি পরিবারের তরফেই লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বেলঘরিয়া থানায়। এলাকার সিসিটিভি ফুটেজে সন্দেহভাজন ব্যক্তির গতিবিধিও ধরা পড়েছে এবং সেই ফুটেজ পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। মাসখানেক আগেও সিসিটিভি ফুটেজে এলাকায় একইভাবে সন্দেহভাজন ব্যক্তির উপস্থিতি ধরা পড়েছে। তবে অভিযোগ, ঘটনার চার-পাঁচ দিন কেটে গেলেও এখনও পর্যন্ত চোরের কোনও হদিশ মেলেনি। এক রাতে পরপর ২টি বাড়িতে এহেন দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। এলাকাবাসীর দাবি, দ্রুত দোষীদের গ্রেফতার করে চুরি যাওয়া সম্পত্তি উদ্ধার করুক পুলিশ।



