পশ্চিমবঙ্গ

নিমতায় ৮ বাংলাদেশী সহ ১ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

অর্থের বিনিময়ে বাংলাদেশ থেকে ভারতে এসে নিমতায় থাকছিলেন, ৮ বাংলাদেশী নাগরিক সহ ১ ভারতীয় আশ্রয়দাতাকে গ্রেপ্তার করলো পুলিশ

নিজস্ব সংবাদদাতা : অষ্টাদশ বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে SIR শুরু হবার পর অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশী নাগরিকদের মধ্যে দেশে ফিরে যাবার হিড়িক পড়ে গিয়েছিলো। কিন্তু নির্বাচন পর্ব মিটতেই ফের বাংলাদেশী নাগরিকদের অবৈধভাবে প্রবেশ ভারতে প্রবেশের খবর সামনে আসছে। এদিন নিমতা থেকে ৮ বাংলাদেশী নাগরিক সহ এক ভারতীয় আশ্রয়দাতাকে গ্রেপ্তার করলো পুলিশ। অভিযোগ, অবৈধভাবে ভারতে প্রবেশ করে রীতিমতো আধার কার্ড থেকে শুরু করে ব্যাঙ্ক একাউন্ট সহ বহু নথি তৈরী করে এখানে থাকতে শুরু করেছিলেন তারা। আর এদিন নিমতার গোলবাগান অঞ্চলে এক বাংলাদেশী নাগরিককে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখে নিমতা থানার পুলিশ জিজ্ঞাসাবাদ করলে পুলিশের কাছে সমস্ত কিছু বলেন তিনি। এরপরেই রাতে নিমতার ফতেল্লাপুর অঞ্চল থেকে তাদের আশ্রয়দাতা ভারতীয় নাগরিক শহিদুল ইসলাম সহ ৮ বাংলাদেশী নাগরিককে গ্রেপ্তার করে নিমতা থানার পুলিশ। ধৃত বাংলাদেশী নাগরিকদের নাম সুমন গাইন, বাহারুল মন্ডল, আব্দুল রহমান সর্দার, রিয়াজ মন্ডল, ইলিয়াস সর্দার, জাহারা বিবি, আনোয়ারা বিবি, সুমি বিবি। পুলিশ সূত্রে জানা গেছে ,জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে বাংলাদেশ থেকে অর্থের বিনিময়ে তারা এই দেশে এসেছে। এরপরে নিমতা ফতেল্লাপুর অঞ্চলে শহিদুল ইসলামের বাড়িতে অর্থের বিনিময়ে থাকতে শুরু করেন। ধৃতদের কাছ থেকে ভারতীয় আধার কার্ড, প্যান কার্ড, ডেবিট কার্ড এমনকি জন্মের শংসাপত্রও উদ্ধার হয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশের কোভিড ভ্যাকসিনের সার্টিফিকেটও ওই বাংলাদেশী নাগরিকদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। সেগুলোকে ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে পুলিশ। আশ্রয়দাতা ভারতীয় নাগরিক শহিদুল ইসলাম সহ ধৃতদের বাংলাদেশী নাগরিকদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশী হেফাজতের আবেদন জানিয়ে এদিন তাদের ব্যারাকপুর আদালতে তোলা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *