সোদপুর দুষ্কৃতী তান্ডব, ভাঙা হলো পুলিশের গাড়ি সহ ২টি গাড়ি
সোদপুর দুষ্কৃতী তান্ডব, পিয়ারলেস নগরে ভাঙা হলো কাউন্সিলরের গাড়ি, রাজা রোডে নিশানায় পুলিশের গাড়ি
৭এ নিউজ ডেস্ক: কাকভোরে দুষ্কৃতী তান্ডব সোদপুরে (Sodepur), পরপর গাড়ি ভাঙা হলো রাজা রোড এবং পিয়ারলেস নগরে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, এদিন ভোর সাড়ে চারটে নাগাদ একদল দুষ্কৃতী সশস্ত্র অবস্থায় একটি অটো করে ঢুকে পড়ে সোদপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত পিয়ারলেস নগরে। মূল গেটের ভিতরে রাখা, পানিহাটী পৌরসভার ২নম্বর বোর্ডের কাউন্সিলর (TMC Councillor) স্বপন দাসের গাড়িটিকে তারা আক্রমণের নিশানা করে, দেখা যায় গাড়ির কাঁচ সহ বেশ কয়েকটি জায়গায় আঘাতের চিহ্ন। একটি ভাঙা চেয়ার ও একটি সাইকেল উঠিয়ে চেষ্টা করা হয় গাড়িটি ভাঙার। ঘটনায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয় আবাসিকদের মধ্যে। আক্রান্ত গাড়ির মালিক স্বপন দাসের অভিযোগ, একদল দুষ্কৃতী সাধারণ মানুষের মনে আতংক সৃষ্টি করতেই এমন হামলার চেষ্টা করেছে।
পাশাপাশি প্রায় একই সময়ে ১টি অটো করে তিন দুষ্কৃতী হানা দেয় সোদপুরের রাজা রোডের শিবাজী সংঘের মাঠের পাশে, সেখানে দাঁড় করানো ছিল নীল বাতি লাগানো একটি পুলিশের গাড়ি। সেই গাড়িটির সামনের কাঁচ ভেঙে দেয় দুষ্কৃতী দলটি, লাঠি, রড ইত্যাদি দিয়ে আঘাত করা হয় গাড়িটিতে এবং সিসি ক্যামেরার ফুটেজেও স্পষ্ট দেখা গিয়েছে অটোতে করে এসে দুষ্কৃতীরা ভাঙচুর চালায় গাড়িটিতে। পরপর গাড়ি ভাঙার, বিশেষ করে পুলিশের নীলবাতির গাড়ি ভাঙচুরের ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশী শুরু করেছে খড়দহ (Khardaha) থানার পুলিশ।



