মাত্র ২০ দিন, ফলতায় চতুর্থ স্থানে তৃণমূল
ফলতা পুনঃনির্বাচনে ১ লক্ষেরও বেশী ভোটে জয়ী হলো বিজেপি, দ্বিতীয় স্থানে সিপিআইএম,তৃণমূল পৌঁছলো চতুর্থ স্থানে
নিজস্ব সংবাদদাতা : ফলতা বিধানসভার পুনঃনির্বাচনে ১০৯০২১ ভোটে জয়ী হলো ভারতীয় জনতা পার্টি। বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডার প্রাপ্ত ভোট ১৪৯৬৬৬। সেই সঙ্গে দ্বিতীয় স্থানে উঠে এলো বামেরা (CPIM)। সিপিআইএম প্রার্থী শম্ভুনাথ কুর্মীর প্রাপ্ত ভোট ৪০৬৪৫। ১০০৮৪ ভোট পেয়ে তৃতীয় স্থান দখল করেছেন জাতীয় কংগ্রেসের আব্দুর রেজ্জাক মোল্লা। আর অভূতপূর্বভাবে জাহাঙ্গীর খান ওরফে পুষ্পা ৭৭৮৩ ভোট পেয়ে চতুর্থ স্থানে পৌঁছে গেলো সদ্য প্রাক্তন শাসক দল তৃণমূল কংগ্রেস (TMC)। উল্লেখ্য, নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে ২১শে মে দক্ষিণ ২৪ পরগনার ১৪৪ নম্বর ফলতা বিধানসভার ২৮৫ ভোটকেন্দ্রে পুনঃর্নির্বাচন হয়। যদিও ফলতায় পুনঃর্নির্বাচনের ৪৮ ঘণ্টা আগেই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন তৃণমূল প্রার্থী ফলতার ত্রাস পুষ্পা ওরফে জাহাঙ্গির খান। যার ভয়ে ওই অঞ্চলের ভোটাররা বিগত বেশ কয়েকটি নির্বাচনে ভোট দিতে পারেননি বলে অভিযোগ উঠেছিলো। তবে মনোনয়ন প্রত্যাহারের সময় পেরিয়ে যাওয়ায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করলেও ইভিএম-এ জাহাঙ্গিরের নাম এবং তৃণমূলের প্রতীক ছিলো। আর বিধানসভা নির্বাচনে সামগ্রিক পরাজয়ের মাত্র ২০ দিনের মধ্যেই তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোট ৩.৭ শতাংশে পৌঁছে গেলো। আজ সকাল থেকে বেলা যত গড়িয়েছে বিজেপির জয়ের ব্যবধান তত এগিয়ে যাওয়ায় বিজয়ী ঘোষণার আগেই বিজেপি কর্মী-সমর্থকদের জয়ের উল্লাসে মেতে উঠতে দেখা গিয়েছে ফলতায়।



