পশ্চিমবঙ্গ

বাতিল হচ্ছে বুকিং! গ্যাস পেতে হয়রানির শিকার উজ্জ্বলা গ্যাস প্রকল্পের গ্রাহকরা

অভিযোগ, গ্যাস বুকিং করার বেশ কয়েকদিন পরেই আপনাআপনি ক্যান্সেল হয়ে যাচ্ছে সেই বুকিং।আবার নতুন করে গ্যাস বুক করতে হচেছ গ্রাহকদের। সেই সঙ্গে বাড়িতে গ্যাস ডেলিভারি না দেওয়ারও অভিযোগ উঠছে একটি নির্দিষ্ট গ্যাস সরবরাহকারী সংস্থার বিরুদ্ধে। আর তাই এদিন কাঠফাটা রোদ্দুর মাথায় করে অগত্যা বেলঘরিয়ার প্রবর্তক পল্লীর গ্যাস অফিসের সামনে হাজির হন গ্রাহকেরা।

৭এ নিউজ ডেস্ক: বঙ্গে পালাবদল হতেই কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্প এ রাজ্যেও একেবারে জোরকদমে কাযর্কর হতে শুরু করেছে। আর প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা (Ujjwala Scheme) নিয়েও জনমানসে যখন স্বস্তি বাড়ছে, তখন গ্যাস পেতে গিয়েই রীতিমতো কালঘাম ছুটছে সেই যোজনার উপভোক্তাদেরই। অভিযোগ, গ্যাস বুকিং করার বেশ কয়েকদিন পরেই আপনাআপনি ক্যান্সেল হয়ে যাচ্ছে সেই বুকিং। মিলছে না এলপিজি সিলিন্ডার। আবার নতুন করে গ্যাস বুক করতে হচেছ গ্রাহকদের। সেই সঙ্গে বাড়িতে গ্যাস ডেলিভারি না দেওয়ারও অভিযোগ উঠছে একটি নির্দিষ্ট গ্যাস সরবরাহকারী সংস্থার বিরুদ্ধে। আর তাই এদিন কাঠফাটা রোদ্দুর মাথায় করে অগত্যা বেলঘরিয়ার (Belgharia) প্রবর্তক পল্লীর গ্যাস অফিসের সামনে বুকিং করার পরেও তা বারংবার বাতিল হয়ে যাচ্ছে কেন ? সেই প্রশ্নের উত্তর খুঁজতে হাজির হন উপভোক্তারা। এক গ্রাহকের দাবি, বুকিং হওয়ার পরও তিনি গ্যাস পাননি। অফিস কর্তৃপক্ষের তরফে তাঁকে বলা হয় যে তাঁর গ্যাস নাকি ডেলিভারি হয়ে গিয়েছে। আবার আরেক গ্রাহকের অভিযোগ, বিগত ২ মাস ধরেই বুকিং বাতিলের সমস্যা হচ্ছে। এদিন এ হেন একাধিক অনিয়মের অভিযোগ তুললেন গ্রাহকেরা।

একদিকে যখন অতি দ্রুত গ্যাস ডেলিভারির সমস্যার সমাধান চাইছেন গ্রাহকেরা তখন অন্যদিকে উপভোক্তাদের অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করলেন গ্যাস অফিসের এক আধিকারিক। তাঁর বক্তব্য, “১৫ দিন লাগছে না। যথা সময়ে গ্রাহকেরা গ্যাস পেয়ে যাচ্ছেন। এই সপ্তাহের মধ্যে কোনো সমস্যা থাকলে তা মিটে যাবে।” প্রসঙ্গত পশ্চিম এশিয়ার যুদ্ধ যখন মধ্যগগনে ছিল তখন গ্যাস সঙ্কট তৈরী হয়েছিল দেশজুড়ে। রান্নার জন্য প্রয়োজনীয় এলপিজি সিলিন্ডার পেতে গ্যাস অফিসের বাইরে গ্রাহকদের লম্বা লাইন নিত্য নৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছিল। এবার আবারো ফিরলো সেই হয়রানির ছবিটা। সবমিলিয়ে শহরতলিতে উজ্জ্বলা যোজনার উপভোক্তাদের গ্যাস পাওয়া নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে তা কবে মেটে সেদিকে নজর রইলো আমাদের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *