নাগেরবাজার উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনা,সেতু থেকে সটান নীচে! ঘটনাস্থলেই মৃত্যু বাইক আরোহীর
এদিন এয়ারপোর্টের দিক থেকে আসা একটি চার চাকার গাড়ি সজোরে ধাক্কা মারে এয়ারপোর্টমুখী বাইকটিকে। প্রত্যক্ষদর্শীদের দাবি, চার চাকা গাড়ির গতি যথেষ্ট বেশি ছিল। আর ধাক্কার অভিঘাতে সেতু থেকে ছিটকে একেবারে সোজা নীচে পড়ে যান বছর ৫০ 'র ওই বাইক আরোহী। এরপর স্থানীয়রাই ওই যুবককে উদ্ধার করে দমদম মিউনিসিপাল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
৭এ নিউজ ডেস্ক: উড়ালপুলে চার চাকা গাড়ির সঙ্গে সংঘর্ষ, আর সেই সংঘর্ষের অভিঘাতে একেবারে সেতু থেকে সটান নীচে ব্যস্ত রাস্তার ধারে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হলো বাইক চালকের। ভয়াবহ সংঘর্ষের ঘটনাটি ঘটেছে নাগেরবাজার ফ্লাইওভারের ওপরেই। মৃতের নাম বিশাল কুমার ঢালিয়া, বয়স আনুমানিক ৫০। অভিযোগ, এদিন এয়ারপোর্টের ( Airport) দিক থেকে আসা একটি চার চাকার গাড়ি সজোরে ধাক্কা মারে এয়ারপোর্টমুখী বাইকটিকে। প্রত্যক্ষদর্শীদের দাবি, চার চাকা গাড়ির গতি যথেষ্ট বেশি ছিল। আর ধাক্কার অভিঘাতে সেতু থেকে ছিটকে একেবারে সোজা নীচে পড়ে যান বছর ৫০ ‘র ওই বাইক আরোহী। এরপর স্থানীয়রাই ওই যুবককে উদ্ধার করে দমদম (Dumdum) মিউনিসিপাল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, উড়ালপুল থেকে নীচে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। সূত্রের খবর, গাড়িটির সঙ্গে আরও একটি বাইকের সংঘর্ষ হয়। তবে বরাতজোরে বেঁচে গিয়েছেন সেই বাইকের চালক। অন্যদিকে ঘাতক গাড়ির চালক রাকেশ আগারওয়ালকেও আহত অবস্থায় ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে। পাশাপাশি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নাগেরবাজার ট্রাফিক পুলিশ। ঘাতক গাড়ি ও দুর্ঘটনাগ্রস্ত বাইক দুটিকেই বাজেয়াপ্ত করে নাগেরবাজার থানায় নিয়ে যাওয়া হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট থানার পুলিশ। এদিনের ভয়ংকর দুর্ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।



