কলকাতা

যাত্রী পরিষেবা চাঙ্গা করতে নয়া উদ্যোগ সরকারের, মার্চের মধ্যে আসবে আরও ১০০০ টি সরকারি বাস

মুখ্যমন্ত্রী জানিয়েছেন ৫০ টি বাসের মধ্যে ৪৩ টি সিএনজি বা কম্প্রেসড ন্যাচারাল গ্যাস পরিচালিত বাস এবং বাকি ৭ টি ইলেকট্রিক বাস রয়েছে। বিমানবন্দর-হাওড়া স্টেশন, বারাসত-গড়িয়া, সাঁতরাগাছি-বিমানবন্দর, নিউটাউন-বেহালা, নিউটাউন-হাওড়া, দমদম-করুণাময়ী সহ মোট ২৪ টি রুটে চলবে নয়া ৫০ টি বাস।

৭এ নিউজ ডেস্ক: একদিকে একুশে জুলাইয়ে যখন কর্মী-সমর্থকদের মনোবল চাঙ্গা করতে ব্যস্ত তৃণমূল শিবির (TMC), তখন যাত্রী পরিষেবা চাঙ্গা করতে কসবায় পরিবহন দপ্তরের একটি অনুষ্ঠান থেকে ৫০ টি এসি বাস উদ্বোধন করলেন শুভেন্দু অধিকারী (Suvendhu Adhikari)। মুখ্যমন্ত্রী জানিয়েছেন ৫০ টি বাসের মধ্যে ৪৩ টি সিএনজি বা কম্প্রেসড ন্যাচারাল গ্যাস পরিচালিত বাস এবং বাকি ৭ টি ইলেকট্রিক বাস রয়েছে। বিমানবন্দর-হাওড়া স্টেশন, বারাসত-গড়িয়া, সাঁতরাগাছি-বিমানবন্দর, নিউটাউন-বেহালা, নিউটাউন-হাওড়া, দমদম-করুণাময়ী সহ মোট ২৪ টি রুটে চলবে নয়া ৫০ টি বাস। প্রসঙ্গত, এই ২৪ টি রুটের মধ্যে কিছু রুটে আগে বাস চললেও পরবর্তীতে তা বন্ধ হয়ে যায়। মূলত তৃণমূল সরকারের আমলে রাজ্যের পরিবহন মন্ত্রী থাকার সময় সেই বাস রুটগুলি চালু করেন শুভেন্দু। তবে সেগুলি বন্ধ হয়ে যাওয়ায় এদিন সেগুলি আবার চালু করা হলো। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী অর্জুন সিং এবং প্রতিমন্ত্রী আনন্দ বর্মণ।

৫০ টি এসি বাস উদ্বোধন কর্মসূচি শেষে রাজ্যের মুখ্যমন্ত্রী জানান, ২০২৭ সালের মার্চের মধ্যে আরও ১০০০ টি সরকারি বাস রাস্তায় চলবে। সেই সঙ্গে আসবে ইলেকট্রিক বাস। আর এই বাস বৃদ্ধির ক্ষেত্রে ৬০ শতাংশ টাকা দেবে রাজ্য এবং ৪০ শতাংশ অর্থ আসবে কেন্দ্রের তরফে। অন্যদিকে তাৎপর্যপূর্ণভাবে বদলেছে সরকারি বাসের রংও। নীল-সাদার পরিবর্তে স্বামীজীর পোশাকের রং হবে সরকারি বাসের- এমনই জানিয়েছেন শুভেন্দু। সবমিলিয়ে পালাবদলের বঙ্গে ধীরে ধীরে পরিবহনে আসছে একগুচ্ছ নয়া পদক্ষেপ। সরকারি বাসে মহিলাদের জন্য টিকিট ফ্রি করা থেকে শুরু করে সরকারি বাসের সংখ্যা বৃদ্ধি- গণপরিবহন ব্যবস্থাকে ঢেলে সাজাতে চাইছে বিজেপি সরকার। তবে শুধুমাত্র বাসের সংখ্যাবৃদ্ধি নয়, পরিবেশবান্ধব বাসের দিকে বিশেষ নজর দিচ্ছে প্রশাসন। কলকাতার পাশাপাশি অন্যান্য নিগমগুলিতেও চার্জিং স্টেশন তৈরীর সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের তরফে। শুধু সড়ক নয়, জলপথের জন্যও নয়া পদক্ষেপের কথা ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী। আগের মাসেই তিনি জানিয়েছেন কলকাতায় ওয়াটার মেট্রো আসতে চলেছে। কেরালার কোচিতে প্রথম শুরু হয় এই অত্যাধুনিক প্রযুক্তি এবার কলকাতায় আসবে বলে নবান্ন থেকে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। কাজেই সড়ক থেকে জলপথ, সর্বত্রই যাত্রী পরিষেবায় আরও উন্নত করতে নয়া সরকারি পদক্ষেপের তালিকা ক্রমেই দীর্ঘ হচ্ছে পালাবদলের বঙ্গে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *