৩মাস বেতন বন্ধ, “নির্মলবন্ধু” কর্মীদের বিক্ষোভে উত্তেজনা পানিহাটিতে
পৌরসভার গেট বন্ধ করে ৩মাসের বেতনের দাবিতে "নির্মলবন্ধু" কর্মীদের বিক্ষোভে উত্তেজনা পানিহাটীতে, ঘটনাস্থলে পুলিশ
নিজস্ব সংবাদদাতা : রোজ সকালে যে বাঁশীর আওয়াজ শুনে আপনি আপনার বাড়িতে জমা করা আবর্জনা সেই বাঁশিওয়ালার হাতে তুলে দেন, আজ সকাল থেকে সেই বাঁশিওয়ালা মানে পুরসভার “নির্মলবন্ধু” কর্মীরা বাঁশি বাজিয়ে, স্লোগান দিয়ে পৌরসভার গেটে বিক্ষোভে সামিল হলো তাদের তিন মাসের বকেয়া বেতনের দাবীতে। পানিহাটী পৌরসভার মূল গেট বন্ধ করে “নির্মলবন্ধু” কর্মীদের এই বিক্ষোভে তীব্র উত্তেজনা ছড়ায় পৌরসভা চত্বরে। “নির্মলবন্ধু” কর্মীদের অভিযোগ মাসের প্রতিটি দিন তারা রোদ, জল, ঝড় উপেক্ষা করে ৩৫টি ওয়ার্ডের প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে আবর্জনা সংগ্রহ করে পৌরাঞ্চলকে পরিচ্ছন্ন রাখার কাজ করেন, মাসে মাত্র ৬হাজার ২০০টাকার বিনিময়ে, সেই সামান্য বেতনটুকুও যদি তারা মাসের পর মাস না পান, তারা সংসার চালাবেন কি করে ?
বিক্ষোভের খবর পেয়ে পৌরসভায় এসে পৌঁছায় খড়দহ থানার পুলিশ, পরে ফোনে, উপস্থিত পুলিশ অফিসার পৌরসভার এক্সিকিউটিভ অফিসারের সাথে কথা বলে “নির্মলবন্ধু” কর্মীদের আশ্বস্ত করেন আগামী ৩ থেকে ১৫ দিনের মধ্যে বেতনের এই সমস্যা মিটবে। কিন্তু প্রশ্নটা হলো , পৌরসভায় নির্বাচিত বোর্ড অথবা রাজ্য সকার মনোনীত প্রশাসক না থাকলে এই সমস্যার কোন স্থায়ী সমাধান হওয়া সম্ভব নয়, আর পানিহাটীর ক্ষেত্রে নির্বাচিত বোর্ড থেকেও নেই, ফলে সরাসরি সরকার যদি না হস্তক্ষেপ করে, “নির্মলবন্ধু” কর্মীদের এই সমস্যার স্থায়ী সমাধান কিভাবে হবে ?



