ফের রেল স্টেশনের কাছে বিধ্বংসী অগ্নিকান্ড, এবার গোবরডাঙ্গায়
মধ্যমগ্রামের পর গোবরডাঙ্গা স্টেশন সংলগ্ন চত্বরে বিধ্বংসী অগ্নিকান্ড, কালো ধোঁয়ায় ঢাকলো এলাকা, আতঙ্কে হুড়োহুড়ি স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে

নিজস্ব সংবাদদাতা : মধ্যমগ্রাম, শেওড়াফুলির পর এবার গোবরডাঙ্গা। ফের রেলস্টেশন সংলগ্ন চত্বরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। সূত্রের খবর,মঙ্গলবার সকালে গোবরডাঙা স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম লাগোয়া একটি হোটেলে আচমকাই আগুন লেগে যায়। সেখানে মজুত গ্যাস সিলিন্ডার ফেটেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেচে বলে জানা যাচ্ছে। ঘিঞ্জি এলাকা হওয়ায় পাশাপাশি বেশ কয়েকটি দোকানেও আগুন ছড়িয়ে পড়ে। দূর থেকেও আগুনের লেলিহান শিখা দেখতে পাওয়া যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় ওই এলাকা। আগুনের গ্রাস থেকে নিজেদের দোকানের জিনিসপত্র বাঁচাতে হুড়োহুড়ি পড়ে যায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে। আতঙ্কিত হয়ে পড়েন আশপাশের বাসিন্দারাও। দ্রুত দোকানপাট বন্ধ করে নিরাপদ স্থানে সরে যান তারা। তীব্র আতঙ্ক ছড়িয়ে পরে গোটা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে দমকলবাহিনী। যদিও দমকল পৌঁছনোর আগেই স্থানীয়রাই আগুন নেভানোয় হাত লাগান। দমকলের প্রাথমিক অনুমান, হোটেলে একাধিক গ্যাস সিলিন্ডার মজুত ছিলো। সিলিন্ডার থেকেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে তা ভয়াবহ আকার ধারণ করে। ঘটনাস্থল গোবরডাঙ্গা স্টেশন সংলগ্ন হওয়ায়, এই অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় রেল যাত্রীদের মধ্যেও। হতাহতের খবর নেই, জানা যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণও। তবে, একের পর এক রেল স্টেশন সংলগ্ন এলাকায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় বিষয়টি নিয়ে সন্দেহ ক্রমশ বাড়ছে।

