পশ্চিমবঙ্গ

ফের প্রকাশ্য দিবালোকে শ্যুট আউট, গুলিবিদ্ধ বিজেপি নেতা,উত্তেজনা গঙ্গাসাগরে

ভোটমুখী রাজ্যে ফের প্রকাশ্যে চললো গুলি, গঙ্গাসাগরে গুলিবিদ্ধ বিজেপি নেতা, আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন,রাস্তা অবরোধ করে বিজেপির বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা : ভাটপাড়ার পর গঙ্গাসাগর, ভোটমুখী রাজ্যে ফের প্রকাশ্যে চললো গুলি। বুধবার সকালে বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনাটি ঘটেছে। সাতসকালে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় গঙ্গাসাগরে। গুলিবিদ্ধ বিজেপি নেতার নাম ত্রিলোকেশ ঢালী। পরিবার সূত্রে জানা গেছে, অন্যান্য দিনের মতো এদিন সকালেও ত্রিলোকেশ ঢালী বাইক নিয়ে কপিল মুনির মন্দিরে যান। সেখান থেকে ফেরার পথে গঙ্গাসাগর কোস্টাল থানা এলাকার শ্রীধাম বাসস্ট্যান্ডের কাছে পৌঁছতেই আচমকা দুষ্কৃতীরা বাইকে করে এসে তাকে গুলি করে পালিয়ে যায়। বুকে গুলি লাগে ওই বিজেপি নেতার। স্থানীয়রাই তড়িঘড়ি গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসার পরও গুলি বার করতে পারেনি। এরপরেই আশংকা জনক অবস্থায় তাকে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সাত সকালে বিজেপি নেতাকে প্রকাশ্যে গুলি চালিয়ে খুনের চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। স্থানীয়দের দাবী, বুধবার সকালে শ্রীধাম বাসস্ট্যান্ডের কাছে অজ্ঞাত পরিচয় ২ ব্যক্তিকে সন্দেহজনকভাবে স্কুটি নিয়ে ঘোরাঘুরি করতে দেখা যায়। খবর পেয়ে হাসপাতালে উপস্থিত হন স্থানীয় বিজেপি নেতৃত্ব সহ কর্মী-সমর্থকেরা। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে অভিযোগ তুলে বিজেপির পক্ষ থেকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। পরিবারের দাবী, আসন্ন বিধানসভা ভোটে তার প্রার্থী হওয়ার সম্ভাবনা ছিল। সম্ভবত সে কারণেই কারোর হিংসার শিকার হয়েছেন তিনি। কে বা কারা এই ঘটনায় জড়িত রয়েছে, দুষ্কৃতীদের খোঁজে তল্লাশী চালানোর পাশাপাশি বিজেপি নেতাকে গুলি চালিয়ে খুনের চেষ্টার ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *