বেলঘরিয়ায় গ্যাস অফিসের সামনে ঘুঁটে হাতে কাউন্সিলর
গ্যাসের আকাল, গ্যাস অফিসের সামনে লাইনে দাঁড়ানো মানুষের হাতে ঘুঁটে তুলে দিলেন কামারহাটীর কাউন্সিলার

এই মুহূর্তে যুদ্ধ পরিস্থিতিতে উত্তপ্ত পশ্চিম এশিয়া। আর সেই যুদ্ধের প্রভাবে জ্বালানি তেল এবং গ্যাস সরবাহ নিয়ে সঙ্কটজনক অবস্থা গোটা দেশ তথা আমাদের রাজ্যেও। দেশে পর্যাপ্ত গ্যাস মজুত রয়েছে, জ্বালানি নিয়ে অহেতুক আতঙ্কিত না হওয়ার জন্য সংসদে দাঁড়িয়ে আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী। তা সত্বেও ব্যাপক ভাবে ব্যাহত হয়েছে গ্যাস পরিষেবা। ফোনে বুকিং করতে গেলে গ্যাসের বুকিং নেওয়া হচ্ছে না।গ্যাস অফিসগুলির সামনে সকাল থেকে লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে সাধারণ মানুষকে,কোথাও কোথাও আবার আগের দিন রাতের থেকেও লাইন দিতে দেখা যাচ্ছে। চরম সমস্যায় সাধারন মানুষ। গ্যাস না পেয়ে ক্ষোভ উগরে দিলেন লাইনে দাড়িয়ে থাকা মানুষেরা
এহেন পরিস্থিতিতে গ্যাসের পরিবর্তে রান্নার কাজের জন্য সাধারণ মানুষকে ঘুঁটে দেওয়ার উদ্যোগ নিলেন তৃণমূল কাউন্সিলার। এদিন এমনই কান্ড ঘটেছে কামারহাটীতে। কামারহাটী পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বিমল সাহার উদ্যোগে তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীরা গ্যাস অফিসের সামনে ঘুঁটে ভর্তি ঝুড়ি মাথায় নিয়ে বিক্ষোভ দেখান। সেই সঙ্গে গ্যাসের লাইনে থাকা মানুষজনের হাতেও ঘুঁটে তুলে দিলেন তারা। ইচ্ছাকৃতভাবে রান্নার গ্যাসের সংকট তৈরী করা হয়েছে,গ্যাস নিয়ে যেভাবে কালোবাজারি হচ্ছে, তাতে আবার আগেকার দিনের মতো ঘুঁটের জ্বালানি দিয়েই রান্না করতে হবে,আর এই পরিস্থিতির জন্য দায়ী কেন্দ্রের মোদী সরকার,জানালেন কাউন্সিলার বিমল সাহা।



