অবশেষে জেলমুক্ত সোনাম ওয়াংচুক, তবুও বিতর্কের কেন্দ্রে তাঁর গ্রেপ্তারি প্রসঙ্গ !
অবশেষে মিললো মুক্তি।গ্রেপ্তারির ১৭০ দিন পর তাঁর ওপর থেকে NSA তুলে নিলো কেন্দ্রীয় সরকার।
নিজস্ব সংবাদদাতা: প্রায় ৬ মাস পর অবশেষে জেল মুক্তি লাদাখের বিশিষ্ট পরিবেশকর্মী সোনম ওয়াংচুকের ( Sonam Wangchuk)। স্বস্তির হাওয়া ওয়াংচুক পরিবারে। সেই সঙ্গে খুশির আবহ লাদাখেও। গত শনিবার রাজস্থানের যোধপুরের কেন্দ্রীয় কারাগার থেকে তাঁকে মুক্তি দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত বছর পৃথক রাজ্যের দাবিতে উত্তপ্ত হয়ে ওঠে লাদাখ(Ladakh)। টানা দুদিন বিক্ষোভ- আন্দোলনে কার্যত অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি হয় কেন্দ্রশাসিত অঞ্চলটিতে। আর সেই অশান্তির জেরে চার জনের মৃত্যু হয় এবং আহত হন বহু। আর সেই উত্তেজনামূলক পরিস্থিতির পরই ২৬ শে সেপ্টেম্বর লেহর বাড়ি থেকে সোনমকে গ্রেপ্তার করে লাদাখ পুলিশ। তাঁর বিরুদ্ধে NSA (National Security Act ) বা জাতীয় সুরক্ষা আইনে মামলা রুজু করা হয়। আর তারপরই তাঁকে লাদাখ থেকে সরিয়ে রাজস্থানের কেন্দ্রীয় কারাগারে স্থানান্তরিত করা হয়। আসলে এই জাতীয় সুরক্ষা আইন অনুসারে কোনো ব্যক্তিকে সর্বোচ্চ ১২ মাস পর্যন্ত আটক করে রাখতে পারে কেন্দ্রীয় সরকার। লাদাখের এই বিশিষ্ট পরিবেশকর্মীর বিরুদ্ধে অভিযোগ ওঠে,তাঁর উস্কানিমূলক মন্তব্যের জেরে জনতা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং যার জেরে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঝুঁকির মুখে পড়ে। সোনম গ্রেপ্তারির পর নিন্দার ঝড় ওঠে বিভিন্ন মহলে। তবে তাঁকে ডিটেনশনেই থাকতে হয়। অবশেষে মিললো মুক্তি। এদিন আইনি প্রক্রিয়া শেষে স্ত্রীর সঙ্গে ব্যক্তিগত গাড়িতে সওয়ার হয়ে জেল চত্বর ছাড়েন তিনি।
সোনমের মুক্তিকে স্বাগত জানিয়েছেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলত( Ashok Gehlot)। তবে সেই সঙ্গে পরিবেশকর্মীর আটক থাকার ঘটনায় কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। লাদাখ অশান্তির সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে দাবি করা হয়, এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সোনমকে আটক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর সেই গ্রেপ্তারির ১৭০ দিন পর তাঁর ওপর থেকে NSA তুলে নিলো কেন্দ্রীয় সরকার। এক্স হ্যান্ডেলে একটি পোস্টে গেহলত প্রশ্ন তোলেন, কয়েক মাস আগে যাকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলা হয়েছিল, হঠাৎ তাঁকে কীভাবে মুক্তি দেওয়া হল? এর অর্থ কি তাঁর বিরুদ্ধে কোনও প্রমাণই ছিল না? সেই সঙ্গে তাঁর আরও প্রশ্ন “জাতীয় নিরাপত্তার সংজ্ঞা কি এখন বিজেপির রাজনৈতিক লাভ-ক্ষতির উপর নির্ভর করে নির্ধারিত হবে?” সবমিলিয়ে সোনম ওয়াংচুকের মুক্তি মিললেও তাঁর আচমকা গ্রেপ্তারি নিয়ে বিতর্কে যতি পড়েনি।


