পশ্চিমবঙ্গ

দত্তপুকুরে দুর্ঘটনা !৫০০ মিটার পর্যন্ত আরোহী সহ বাইক টেনে নিয়ে গেল ট্রাক! মৃত ১

ট্রাক ও বাইকের মুখোমুখি সংঘর্ষে বেঘোরে প্রাণ হারালেন ১ ব্যক্তি। ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা।

নিজস্ব সংবাদদতা: ফের গতির বলি ১ ব্যক্তি। ট্রাক ও বাইকের মুখোমুখি সংঘর্ষের (Colllision between truck and bike) পর প্রায় ৫০০ মিটার পর্যন্ত আরোহী সহ বাইকটিকে টেনে নিয়ে গেলো বেপরোয়া গতির ট্রাকটি। আর স্বাভাবিকভাবেই এ হেন ভয়াবহ দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বাইক আরোহীর। মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী উত্তর ২৪ পরগণার দত্তপুকুরের (Duttapukur) কদম্বগাছি টাকি রোড।

সূত্রের খবর, এদিন কদম্বগাছি ঘোষপাড়া এলাকায় বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে বসিরহাটগামী একটি ট্রাকের। স্থানীয়দের অভিযোগ, ট্রাকটির গতি যথেষ্ট বেশি ছিল। আর সংঘর্ষের পর বাইকটিকে আরও ৫০০ মিটার পর্যন্ত টেনে নিয়ে যায় ট্রাকটি। ছিন্ন ভিন্ন হয়ে যায় বাইক আরোহীর দেহ। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত মৃত ব্যক্তির নাম পরিচয় কিছু জানা যায়নি।অন্যদিকে এই মর্মান্তিক ঘটনার প্রতিবাদে টাকি রোড অবরোধ করে বিক্ষোভ দেখতে থাকেন এলাকাবাসীরা। যার জেরে সাময়িক যানজটের সৃষ্টি হয় টাকি রোডে। তবে পরবর্তীতে পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। স্বাভাবিক হয় যান চলাচল পরিস্থিতি।

প্রসঙ্গত গতকালই উত্তর ২৪ পরগণা জেলাতে ঘটে আরও একটি পথ দুর্ঘটনা। সোদপুর ( Sodepur) বিটি রোড ধানকল মোড়ে একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে সংষর্ষ হয় একটি যাত্রীবাহী চারচাকা গাড়ির। সিগন্যালে দাঁড়াতেই ট্রাকের সামনে চলে আসে বেপরোয়া গতির গাড়িটি। কোনোক্রমে বরাতজোরে রক্ষা পান গাড়ির চালক ও আরোহী। তবে প্রবল ক্ষতিগ্রস্ত হয় গাড়িটি। দুমড়েমুচড়ে যায় গাড়ির সামনের অংশ। আর এদিন আবারো ওই একই জেলাতে প্রাণঘাতী দুর্ঘটনা ঘটলো। বেঘোরে প্রাণ হারালেন এক বাইক আরোহী। শোকের ছায়া মৃতের পরিবারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *