তৃণমূলের ফ্লেক্স – পতাকা ছেঁড়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা আগরপাড়ায়
ভোটের মুখে পানিহাটীর তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষের সমর্থনে লাগানো প্রায় ১৫/১৬টি বড় ফ্লেক্স এবং প্রচুর দলীয় পতাকা ছিঁড়ে ফেলার ঘটনাকে কেন্দ্র করে এদিন সকালে তীব্র চাঞ্চল্য ছড়ালো আগরপাড়ার নর্থ স্টেশন রোড এলাকায়।
চন্দন সেনগুপ্ত : পানিহাটীর তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষের সমর্থনে লাগানো প্রায় ১৫/১৬টি বড় ফ্লেক্স এবং প্রচুর দলীয় পতাকা ছিঁড়ে ফেলার ঘটনাকে কেন্দ্র করে এদিন সকালে তীব্র চাঞ্চল্য ছড়ালো আগরপাড়ার নর্থ স্টেশন রোড এলাকায়। স্থানীয় তৃণমূল কর্মীদের দাবী, তারা বেশ রাত পর্যন্ত রাস্তায় ছিলেন দলীয় প্রার্থীর সমর্থনে দেয়াল রং করার কাজে। তারা যখন বাড়ি ফিরে যান, তখনও ফ্লেক্স এবং পতাকাগুলি অক্ষত ছিলো। তাদের অনুমান গভীর রাতে কে বা কারা ঘটিয়েছে এই অবাঞ্চিত ঘটনাটি। দেখা যায় স্থানীয় তৃণমূল কর্মীদের তৈরী দলীয় পতাকা তোলার স্ট্যান্ডটিও বাদ যায় নি দুষ্কৃতীদের হাত থেকে, সেটিকে ভাঙার চেষ্টা করে, না পেরে পতাকাটি ছিঁড়ে ফেলে যায় তারা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যান পানিহাটীর ৯নম্বর ওয়ার্ডের সভাপতি জয়দীপ ভৌমিক, (রনি), ৮নম্বর ওয়ার্ডের পৌরমাতা মীনাক্ষী দত্ত সহ দলের অন্যান্য নেতা কর্মীরা।তারা ঘটনার প্রতিবাদে স্লোগান দিতে শুরু করলে ছড়ায় উত্তেজনা।
৯নম্বর ওয়ার্ডের সভাপতি জয়দীপ ভৌমিক, (রনি)র অভিযোগ, প্রতিবার ভোটের আগে একদল সুযোগ সন্ধানী দুষ্কৃতী এমন ঘটনা ঘটায়, কিন্তু আগরপাড়ার সিপিআইএম বা বিজেপির পুরোনো নেতাদের সাথে সুসম্পর্ক রয়েছে তাদের, তিনি অবিলম্বে এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের শাস্তির দাবী করেন।
পরে পৌরমাতা মীনাক্ষী দত্তের নেতৃত্বে তৃণমূল কর্মীরা ছেঁড়া ফ্লেক্সগুলি সরিয়ে সেখানে নতুন ফ্লেক্স লাগিয়ে দেন।
স্থানীয় সিপিআইএম নেতৃত্বের দাবী, পুলিশ অবিলম্বে ঘটনার তদন্ত করে প্রকৃত দোষীদের প্রকাশ্যে নিয়ে আসুক, কারণ, এ ঘটনা যে বা যারাই ঘটাক, তারা আগরপাড়ার শান্তি বিঘ্নিত করতে চাইছে।



