তিলোত্তমা ও তামান্নার বিচারের অঙ্গীকার হোক,স্লোগান তুলে খড়দহে প্রচারে বামেদের দেবজ্যোতি
দেওয়াল লিখনের মধ্যে দিয়ে খড়দহের সিপিআইএম(CPIM) প্রার্থী দেবজ্যোতি দাসের স্পষ্ট বার্তা, এবার ভোটে তিলোত্তমা ও তামান্নার বিচারের অঙ্গীকার হোক
নিজস্ব সংবাদদাতা : পশ্চিমবঙ্গের ২৯৪টি বিধানসভা কেন্দ্রের মধ্যে অন্যতম ১টি হলো খড়দহ বিধানসভা কেন্দ্র। পানিহাটী পৌরসভার ৬টি ওয়ার্ড এই বিধানসভা কেন্দ্রের মধ্যেই পড়ে। ১৯৫৭ সালে তৈরী হবার পর থেকে এই কেন্দ্রটি ১৭টি বিধানসভা নির্বাচনে অংশগ্রহণ করেছে, তার মধ্যে উপ-নির্বাচন হয়েছে ২০২১ সালে। আর ১৯৬২ সাল থেকে সিপিআই(CPI)-এর গোপাল ব্যানার্জীর হাত ধরে বাম শাসন শুরু হবার পর ১৯৬৭ সাল থেকে টানা ১১টি বিধানসভা নির্বাচনে জয়ের ধারা বজায় রেখে সিপিআইএমের(CPIM) দখলে ছিলো এই আসনটি। টানা প্রায় ৪৪ বছর ধরে বামদুর্গ বলে পরিচিত ছিলো খড়দহ বিধানসভা কেন্দ্র। ২০১১ সালে এই আসনে দুই দুঁদে অর্থনীতিবিদের মধ্যে নির্বাচনী লড়াই হয়। টানা ৫ বারের বিধায়ক সিপিআইএমের (CPIM) তৎকালীন অর্থমন্ত্রী ডঃ অসীম দাসগুপ্তের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস(TMC) প্রাথী করে অর্থনীতিবিদ ডঃ অমিত মিত্রকে। ২০১১ সালে পরিবর্তনের ভোটে প্রথম নির্বাচনে জয়ী হন তৃণমূল কংগ্রেসের (TMC) ডঃ অমিত মিত্র এবং জিতেই রাজ্য মন্ত্রিসভার অর্থমন্ত্রী নিযুক্ত হন। ২০১৬ সালের নির্বাচনেও এই আসনে আবার নির্বাচিত হন ডঃ অমিত মিত্র। ২০২১ সালে এই কেন্দ্রে তৃণমূল (TMC) প্রার্থী নির্বাচিত করে ভূমিপুত্র কাজল সিনহাকে। সেই নির্বাচনে সিপিআইএম(CPIM) মনোনীত প্রার্থী ছিলেন দেবজ্যোতি দাস এবং বিজেপি (BJP) প্রার্থী ছিলেন শীলভদ্র দত্ত। তবে ফলাফল ঘোষণার আগেই কোভিড-১৯-এর কারণে মারা যান কাজল সিনহা। তবে ফলাফলে দেখা যায়, প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে ২য় স্থানে উঠে আসে বিজেপি(BJP) এবং সিপিআইএমের (CPIM) দেবজ্যোতি দাস ৩য় স্থানে পৌঁছে যান। এরপরেই ওই কেন্দ্রের উপ-নির্বাচনে বিশাল ব্যবধানে জয়ী হয়ে রাজ্যের মন্ত্রী হন তৃণমূল কংগ্রেসের(TMC) আর এক প্রবীণ নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। এবার এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস(TMC) প্রার্থী করেছে রাজনীতির ময়দানে কোনোদিনও না আসা প্রাক্তন সাংবাদিক ভূমিপুত্র দেবদীপ পুরোহিতকে, যিনি নিজেও জানতেন না যে তিনি তৃণমূল (TMC) প্রার্থী হবেন। আর তার সাথে লড়াইয়ে বামেরা এবারেও ভরসা রেখেছে দেবজ্যোতি দাসের উপরেই। আর প্রার্থী হিসেবে মনোনয়ন পাবার পরেই কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে বিধানসভা অঞ্চল জুড়ে জোরকদমে প্রচার শুরু করে দিয়েছেন দেবজ্যোতি দাস। এদিন দেখা গেলো খড়দহের বিভিন্ন অঞ্চলে কর্মী-সমর্থকেরা দেবজ্যোতি দাসের সমর্থনে কোমর বেঁধে দেয়াল লিখনের কাজ সারছেন। আর দেওয়াল লিখনের মধ্যে দিয়ে দেবজ্যোতি দাসের স্পষ্ট বার্তা হলো এবার ভোটে তিলোত্তমা ও তামান্নার বিচারের অঙ্গীকার হোক। পাশাপাশি দুর্নীতি মুক্ত সমাজ গড়ে তোলার অঙ্গীকার দেবজ্যোতির।
এখন দেখার ২০১১ সাল থেকে তৃণমূল কংগ্রেসের জয়ের ধারা বজায় রাখা খড়দহ বিধানসভা আসনটিতে দেবজ্যোতি দাস দলের হারানো ভোট কতটা পুনরুদ্ধার করতে পারে, তবে তার জন্য অপেক্ষা করতে হবে ৪ঠা মে পর্যন্ত।



