পানিহাটী জুড়ে প্রচারে বেরিয়ে SIR-এর তীব্র সমালোচনায় মুখর হলেন তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর
এভাবে ভোটারদের নাম কেটে দিয়ে মমতা ব্যানার্জীকে হারাতে পারবেনা, ভোটের প্রচারে বেরিয়ে SIR-এর তীব্র সমালোচনায় মুখর হলেন তীর্থঙ্কর
নিজস্ব সংবাদদাতা : ২৬`র বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে চলা SIR নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রথম দিন থেকেই ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে একাধিকবার চিঠি লিখেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে, গিয়েছেন সুপ্রিম কোর্টেও। বিজেপির কথামতোই নির্বাচন কমিশনের তরফে জোর করে SIR প্রক্রিয়া করা হচ্ছে, বারংবার এই অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী। মূলতঃ SIR ইস্যুকে সামনে রেখেই বিধানসভা ভোটের বৈতরণী পার হতে চাইছে ঘাসফুল শিবির। আর রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রার্থী নির্বাচিত হবার পরেই তৃণমূল সুপ্রিমোর পদাঙ্ক অনুসরণ করে ভোটের প্রচারে SIRকে হাতিয়ার করেই সাধারণ মানুষের মধ্যে বিজেপি বিরোধী মনোভাব গড়ে তোলার লক্ষ্যে তৃণমূল প্রার্থীরা। এদিন প্রচারে বেরিয়ে পানিহাটীর তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষও SIR নিয়ে ভোটারদের হেনস্থার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন। পানিহাটীর প্রার্থী নির্বাচিত হবার পর থেকেই কর্মীসভার পাশাপাশি তুমুল উৎসাহিত কর্মী-সমর্থকদের নিয়ে প্রচারে নেমে পড়েছেন তীর্থঙ্কর ঘোষ।
এদিন পূর্ব পানিহাটী শহর তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে তীর্থঙ্কর ঘোষের সমর্থনে দেওয়াল লিখনের মাধ্যমে নির্বাচনী প্রচারে সামিল হন তৃণমূল কর্মী-সমর্থকেরা। এই দেওয়াল লিখনে প্রার্থী তীর্থঙ্কর ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন দমদম-ব্যারাকপুর সাংগঠনিক জেলার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সৌম্যদীপ ঘোষ সহ অন্যান্যরা। নিজে হাতে রঙ-তুলি নিয়ে দেওয়াল লিখনের কাজ করলেন তীর্থঙ্কর ঘোষ। তিনি জানান, ভোটের নির্ঘন্ট ঘোষণা হয়ে যাবার পর এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ ভোটার তালিকায় প্রকাশ করতে পারলো না নির্বাচন কমিশন, এটা বিজেপির একটা পরিকল্পনা, যেটা দিল্লীতে বসে মমতা ব্যানার্জীকে হারানোর জন্য রচনা করা হয়েছে, কিন্তু এভাবে ভোটারদের নাম কেটে দিয়ে মমতা ব্যানার্জীকে হারাতে পারবে না।



