বিজেপির মিছিলে তৃণমূলী হামলা,আক্রান্ত পুলিশ,উত্তপ্ত বাসন্তী
ভোটের প্রচারের সময় বিজেপি নেতা-কর্মীদের উপর হামলার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে, তুমুল উত্তেজনা উত্তপ্ত বাসন্তীতে, আহত পুলিশ, আটক ৮
নিজস্ব সংবাদদাতা : ভোটের আবহে নির্বাচনী প্রচার (Election Campaign) চলাকালীন বিজেপি (BJP) নেতা-কর্মীদের উপর দুষ্কৃতী হামলার ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ালো দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসন্তীতে। জানা গেছে, বৃহস্পতিবার বাসন্তীর সোনাখালিতে প্রার্থী বিকাশ সর্দারের সমর্থনে প্রচার করছিলেন বিজেপি নেতা-কর্মীরা। অভিযোগ, বিজেপির মিছিল চলাকালীন সেই মিছিলে বিজেপি নেতা-কর্মীদের উপর হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। হামলাকারীরা বিজেপির মিছিলে ঢুকে পড়ে তান্ডব চালায়, লাঠি বাঁশ দিয়ে এলোপাথাড়ি মারধোর করে। কিছুক্ষনের মধ্যে উভয় পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে ওই এলাকায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গিয়ে আক্রান্ত হন পুলিশকর্মীরাও, এমনকি কেন্দ্রীয় বাহিনীর সঙ্গেও বচসা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনায় বেশ কয়েক জন পুলিশকর্মী আহত হয়েছেন। তৃণমূলের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ করেছে বিজেপি। এই ঘটনায় জড়িত সন্দেহে আট জনকে আটক করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ায় ওই এলাকার বাসিন্দাদের মধ্যে।



