নিজের ঘর থেকে গৃহবধূর রক্তাক্ত দেহ উদ্ধার, ঘনাচ্ছে রহস্য
বিছানার পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে গৃহবধূর মৃতদেহ,গলায় শ্বাসনালীতে ধারালো অস্ত্রের আঘাত, চাঞ্চল্য পূর্বস্থলীতে
নিজস্ব সংবাদদাতা : নিজের ঘর থেকে এক গৃহবধূর রক্তাক্ত দেহ (Housewife’s Mysterious Death) উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমানের (Purba Bardhaman)পূর্বস্থলীতে। বছর ২৭`র মৃত গৃহবধুর নাম পিংকি দেবনাথ। মৃতার স্বামী প্রিয়লাল দেবনাথকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থল পূর্বস্থলীর চাপাতলা – তিনপাড়া এলাকা। স্থানীয় সূত্রে জানা গেছে,স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক অশান্তি লেগেই থাকতো। প্রতিবেশীদের সহায়তায় বেশ কয়েকবার তাদের অশান্তি মিটমাটও করা হয়। মাস খানেক আগে এক যুবকের সঙ্গে বেপাত্তা হয়ে গিয়েছিলো ওই গৃহবধূ। দিন কয়েকআগে সে স্বামীর কাছে ফিরে আসে।এদিন বেলা ১১ টা নাগাদ প্রতিবেশীরাই এই ঘটনা জানতে পেরে ছুটে গিয়ে দেখেন বিছানার পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে গৃহবধূর মৃতদেহ,গলায় শ্বাসনালীতে ধারালো অস্ত্রের আঘাত করা হয়েছে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পূর্বস্থলী থানার পুলিশ। পিংকি দেবনাথের এহেন মৃত্যুকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস্য। স্থানীয়দের অনুমান, স্বামীই তার স্ত্রীকে খুন করেছে। যদিও প্রিয়লালের দাবি, তিনি বাড়িতে ছিলেন না। বাইরের কেউ এই ঘটনা ঘটাতে পারে। পিংকি দেবীর বৃদ্ধা শাশুড়ি থাকেন অন্য ঘরে। তিনিও কিছু জানেন না, বলে জানিয়েছেন। স্বামী প্রিয়লাল দেবনাথকে আটক করে জিজ্ঞাসাবাদ চালিয়ে এই রহস্যমৃত্যুর ঘটনার তদন্ত শুরু করেছে পূর্বস্থলী থানার পুলিশ।



