পালকি করে বাড়িতে যাচ্ছে গ্যাস সিলিন্ডার-অভিনব প্রচারে মদন মিত্র
গ্যাসের অকাল,তাই উলুধ্বনি দিয়ে পালকি করে বাড়িতে যাচ্ছে গ্যাস সিলিন্ডার। অভিনব প্রতিবাদের মাধ্যমে কামারহাটীতে প্রচার সারলেন তৃণমূল প্রার্থী মদন মিত্র।আর এমন অভিনব প্রচারে তুমুল উৎসাহে অংশ নিলেন কর্মী-সমর্থকেরাও।
নিজস্ব সংবাদদাতা : কেন্দ্রীয় সরকারের তরফে দেশজুড়ে এলপিজির (LPG) জোগান যথেষ্ট থাকায় সরবরাহে কোনো ঘাটতি নেই বারংবার এই বার্তা দেওয়া হলেও, বাস্তব চিত্রটা কিন্তু সম্পূর্ণ উল্টো। সব নিয়ম মেনে গ্যাস বুকিং করা সত্ত্বেও সঠিক সময়ে ডেলিভারি পাচ্ছেন না। বুকিংয়ের ১৫-১৬ দিন পরেও মিলছে না গ্যাস। একের পর অভিযোগ করছেন গ্রাহকেরা। এহেন পরিস্থিতিতে যার বাড়িতে কপাল জোরে সিলিন্ডার যাচ্ছে, তিনি নতুন বউয়ের মতো সুসজ্জিত পালকি করে সিলিন্ডার নিয়ে যাচ্ছেন। উলুধ্বনি দিয়ে পালকি করে বিয়ের কনে নয়, বাড়িতে যাচ্ছে গ্যাস সিলিন্ডার। ভোটের আবহে গ্যাস বিভ্রাট নিয়ে এহেন অভিনব প্রতিবাদের মাধ্যমে প্রচার সারলেন কামারহাটী (Kamarhati) বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মদন মিত্র (Madan Mitra)। আর এমন অভিনব প্রচারে তুমুল উৎসাহে অংশ নিলেন কর্মী-সমর্থকেরাও। এদিন কামারহাটি পৌরসভার ২৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় অভিনব এই প্রচার কর্মসূচী নিয়ে মদন মিত্র জানান-“চোর মোদীর সরকার মানুষকে ভাঁওতা দিচ্ছে, একদিকে সিলিন্ডারে গ্যাসের পরিমান কমিয়ে দিচ্ছে, আবার দামও বাড়িয়ে দিচ্ছে। তাই এমন বহুমূল্য গ্যাস সাধারণ মানুষের পক্ষে ব্যবহার করা সম্ভব নয় বলে বিশেষ মর্যাদায় পালকি করে সাজিয়ে নিয়ে মানুষের কাছে উপহার দিতে হবে।”



