ভোটের জন্য বন্ধ ৭৮/১ রুটের সমস্ত বাস, তুঙ্গে যাত্রী ভোগান্তি
আগামী ২৩ তারিখ পর্যন্ত এবং তারপর আবার ২৭ থেকে ২৯ শে এপ্রিল পর্যন্ত নির্বাচনের (Election 2026) কারণে ৭৮/১ রুট অর্থাৎ বাবুঘাট থেকে রহড়া বাজার এবং পার্থপুর উভয় রুটেরই সমস্ত বাস বন্ধ থাকবে। আর এদিন বাস স্ট্যান্ডে এসে কার্যত মাথায় হাত যাত্রীদের। কিভাবে গন্তব্যে পৌঁছবেন ? ভেবে পাচ্ছেন না তারা।
নিজস্ব সংবাদদাতা: নির্বাচনের জন্য অমিল ৭৮/১ রুটের সমস্ত বাস। চূড়ান্ত হয়রানির শিকার সাধারণ মানুষ। সেই সঙ্গে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় আইএনটিটিইউসির (INTTUC) নেতৃত্বরা। নিয়ম বলছে, ভোটের জন্য প্রথমে সরকারি ও বাণিজ্যিক গাড়ি নিতে পারবে কমিশন। তবে সেই সব গাড়িগুলি সম্পূর্ণভাবে নেওয়া হলে যাত্রী পরিষেবা ব্যাহত হতে পারে বলে নির্দিষ্ট পরিমাণ ব্যক্তিগত গাড়ি নেওয়া হয়। তবে এদিন খড়দহে ৭৮/১ রুটের বাস স্ট্যান্ডে গিয়ে দেখা গেলো উদ্বেগজনক ছবি। একটিও বাস নেই সেখানে। সেই সঙ্গে যাত্রীদের জন্য জারি করা হয়েছে একটি বিশেষ বিজ্ঞপ্তিও। সেখানে বলা হয়েছে আগামী ২৩ তারিখ পর্যন্ত এবং তারপর আবার ২৭ থেকে ২৯ শে এপ্রিল পর্যন্ত নির্বাচনের (Election 2026) কারণে ৭৮/১ রুট অর্থাৎ বাবুঘাট থেকে রহড়া বাজার এবং পার্থপুর উভয় রুটেরই সমস্ত বাস বন্ধ থাকবে। আর এদিন বাস স্ট্যান্ডে এসে কার্যত মাথায় হাত যাত্রীদের। কিভাবে গন্তব্যে পৌঁছবেন ? ভেবে পাচ্ছেন না তারা। অন্যদিকে আইএনটিটিইউসির দাবি, রহড়া বাজারে আসা বহু ক্রেতা ও বিক্রেতার যাতায়াতের একমাত্র ভরসা ৭৮/১ রুটের বাসই।তাই এই রুটের সমস্ত বাস তুলে নেওয়ায় স্থানীয় ব্যবসা-বাণিজ্যও ক্ষতির মুখে পড়ার আশঙ্কা তৈরী হয়েছে। তাই সমস্ত বাস না তুলে নিয়ে বরং কিছু বাস ভোটের জন্য ব্যবহৃত হলে যাত্রী দুর্ভোগ এড়ানো যেত বলে মনে করেন তারা। একই মত আমজনতারও। শেষমেশ যাত্রী ভোগান্তি কমাতে কি বদলাবে পরিস্থিতি ? নাকি অব্যাহত থাকবে সাধারণের সমস্যা ? সেটাই এখন দেখার।


