মমতা বন্দ্যোপাধ্যায়কে কদর্য ভাষায় আক্রমণ সজল ঘোষের ! কি বললেন তিনি ?
সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যের বিদায়ী শাসক দলকে কড়া ভাষায় কটাক্ষ করলেন বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি। তুললেন অনুপ্রবেশকারী ইস্যু। আবার মহিলা সংরক্ষণ বিল কার্যকর করতে চেয়ে পেশ করা বিল পাশ না হওয়ার ঘটনায় তৃণমূল সুপ্রিমোকে একহাত নিলেন সাংসদ।অন্যদিকে এদিনের প্রচার কর্মসূচির মাঝেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ শানালেন সজল ঘোষ।
নিজস্ব সংবাদদাতা: নির্বাচনের (Election 2026) দিন যতই এগিয়ে আসছে ততই উত্তাপ বাড়ছে ভোটযুদ্ধের।প্রচারে ব্যস্ত প্রার্থীরা। আর প্রার্থীদের সমর্থনে কখনো সেই প্রচার কর্মসূচিতে শামিল হচ্ছেন অভিনেতা কিংবা খেলোয়াড়রা আবার কখনো অংশ নিচ্ছেন হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তিত্বরা। এদিন তেমনি বরানগরের (Baranagar) বিজেপি (BJP) প্রার্থী সজল ঘোষের (Sajal Ghosh) সমর্থনে প্রচার সারলেন বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি। আর এই প্রচার কর্মসূচির মাঝেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) কটূক্তি করলেন সজল।প্রসঙ্গত, এই কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন সায়ন্তিকা ব্যানার্জি (Sayantika Banerjee)। অন্যদিকে ভোটের ময়দানে পিছিয়ে নেই সিপিআইএম (CPIM) প্রার্থী সায়নদীপ মিত্রও (Sayandeep Mitra)। ইতিমধ্যেই তাঁর সমর্থনে প্রচার করে গিয়েছেন রাজ্যের বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Bose)। সেই সঙ্গে কিছুদিন আগেই সায়ন্তিকার সমর্থনে রোড শো করেছিলেন মমতা।
এবার বরানগরের পদ্ম প্রার্থী সজল ঘোষের হয়ে রোড শো করলেন বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি। পাশাপাশি শামিল হলেন পথসভাতেও। এদিন বরানগর আলম বাজার মোড়ে ছিল থিকথিকে ভিড়। বিজেপির হেভিওয়েট নেতাকে সামনে থেকে চাক্ষুষ করতে উপস্থিত হন বিজেপির স্থানীয় কর্মী-সমর্থকরা। সেই সঙ্গে সভামঞ্চে সুবিশাল মালা পরিয়ে বরণ করে নেওয়া হয় নেতাকে। এরপর প্রার্থী সজল ঘোষকে পাশে নিয়ে ঝাঁজালো বক্তৃতা দেন মনোজ তিওয়ারি। উপস্থিত জনতার মনোরঞ্জনের জন্য গাইলেন গানও। আর সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যের বিদায়ী শাসক দলকে কড়া ভাষায় কটাক্ষ করলেন তিনি। তুললেন অনুপ্রবেশকারী ইস্যু। আবার মহিলা সংরক্ষণ বিল কার্যকর করতে চেয়ে পেশ করা বিল পাশ না হওয়ার ঘটনায় তৃণমূল সুপ্রিমোকে একহাত নিলেন সাংসদ।অন্যদিকে এদিনের প্রচার কর্মসূচির মাঝেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ শানালেন সজল ঘোষ।মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জনসভা থেকেই ভোটের কাজের সঙ্গে যুক্ত কর্মীদের নির্বাচনের সময় বাইরে কিছু খেতে বারণ করেন। মূলত, সেসব খাবারে কিছু মেশানো থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে দলীয় নেতৃত্বদের সতর্ক করেন তিনি। এদিন তেমনি এক প্রসঙ্গে সজল ঘোষের প্রতিক্রিয়া চাওয়া হলে তিনি বলেন -“পাগলের কথার উত্তর পাগল গারদের আউটডোরে চলে যাবেন, আউটডোরে অনেক রুগী আছে তারা দেবে। পাগলের কথার উত্তর সুস্থ মানুষ দিতে পারেন।” এরপর এক সাংবাদিক যখন তাঁকে প্রশ্ন করেন যে তিনি কি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘পাগল’ বললেন ? উত্তরে সজল বলেন “পাগলী,জেন্ডার ঠিক করুন।” সবমিলিয়ে ত্রিমুখী লড়াইয়ের সাক্ষী বরানগর। শেষমেশ কোন প্রার্থীকে আগামী ৫ বছরের জন্য নির্বাচন করবেন সেই বিধানসভা এলাকার বাসিন্দারা ? উত্তর মিলবে ৪ঠা মে।


