পশ্চিমবঙ্গ

মাতৃশক্তি ভরসা কার্ড নিয়ে মুখোমুখি তৃণমূল-বিজেপি,উত্তেজনা পানিহাটীতে

পানিহাটীতে মাতৃশক্তি ভরসা কার্ড বিলি করা নিয়ে তৃণমূল-বিজেপির কাজিয়ায় উত্তেজনা, ঘটনাস্থলে পুলিশ ও নির্বাচন কমিশনের প্রতিনিধিরা

নিজস্ব সংবাদদাতা : ভোটের আবহে আবারও তৃণমূল-বিজেপির (TMC Vs BJP) কাজিয়ায় উত্তেজনা ছড়ালো পানিহাটীতে (Panihati)। বিজেপির মাতৃশক্তি ভরসা কার্ড বিলি করার সময় তৃণমূল সমর্থকদের বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এদিন উত্তপ্ত হয়ে উঠলো পানিহাটীর ১০ নম্বর ওয়ার্ডের রানিবাগান এলাকা। জানা গেছে, এদিন সকালে ওই এলাকায় বাড়ী বাড়ী গিয়ে বিজেপির মাতৃশক্তি ভরসা কার্ড বিলি করছিলেন স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকেরা। সীমা সরকার নামের যে বিজেপি কর্মী রানিবাগান এলাকায় মাতৃশক্তি ভরসা কার্ড বিলি করছিলেন তার অভিযোগ, তারা যখন কাজ করছিলেন তখন সেখানে উপস্থিত হয়ে মাতৃশক্তি ভরসা কার্ড বিলি করতে বাধা দেয় স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকেরা। রীতিমতো দাদাগিরি করে তাদের হাত থেকে কার্ড ছিনিয়ে নেয় তৃণমূল কর্মীরা। ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খড়দহ (Khardaha) থানার পুলিশ। তৃণমূল সমর্থকদের অভিযোগ, নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করে ভোটের আগে নগদ টাকার লোভ দেখাচ্ছে বিজেপি।

পরে পুলিশের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নির্বাচনী কমিশনের প্রতিনিধিরা। পুলিশ এবং নির্বাচন কমিশনের প্রতিনিধিদের সামনেও ২ পক্ষের মধ্যে বচসা চলে। নির্বাচন কমিশনের প্রতিনিধিদের পক্ষ থেকে এই বিষয়টি নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের আওতায় পড়ছে, সেক্ষেত্রে এই কাজ বন্ধ রাখতে হবে বলে বিজেপি কর্মীদের জানানো হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় পৌরপিতা তথা তৃণমূল কংগ্রেস নেতা প্রবীর মজুমদার। তিনি জানান, এই এলাকা অত্যন্ত শান্ত পরিবেশ। নির্বাচনী আচরণ বিধি না মেনে বিজেপি সাধারণ মানুষকে প্রভাবিত করার চেষ্টা করছে এবং ইচ্ছাকৃতভাবে শান্ত পরিবেশটাকে অশান্ত করতে চাইছে।এই বিষয়ে তারা নির্বাচন কমিশনের দপ্তরে অভিযোগ জানাবেন। আর এই ঘটনা নিয়ে বিজেপি নেতা জয় সাহার পাল্টা দাবী, এটা নিছক প্রচার মাত্র, বিষয়টি নিয়ে তারা নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *