পশ্চিমবঙ্গ

সল্টলেকের আনন্দলোক হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, রোগীদের নিরাপদে স্থানান্তর

ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা সল্টলেকের আনন্দলোক হাসপাতালে,কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা,ভস্মীভূত অপারেশন থিয়েটার

নিজস্ব সংবাদদাতা : মঙ্গলবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো শহর কলকাতার (kolkata) ১টি নামি বেসরকারী হাসপাতালে। সূত্রের খবর অনুযায়ী, এদিন সকালে সল্টলেকের (Saltlake) করুণাময়ীর কাছে আনন্দলোক হাসপাতালের দোতলা থেকে প্রথমে আগুন এবং ধোঁয়া বেরোতে দেখেন পথচারীরা। মুহূর্তের মধ্যেই কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। হাসপাতালের দোতলার অপারেশন থিয়েটারে নিমেষের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পাওয়া মাত্রই দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নেবানোর কাজে হাত লাগান। পাশাপাশি চলে রোগীদের দ্রুত এবং নিরাপদে স্থানান্তরিত করার কাজও। দমকল বাহিনীর সাথে হাত লাগান স্থানীয় বাসিন্দারাও। হাসপাতালে অগ্নিকাণ্ডের খবর প্রকাশ্যে আসতেই মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে রোগী এবং রোগীর পরিজনদের মধ্যে। দমকল বাহিনীর তৎপরতায় বেশ কিছুক্ষন পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, হতাহতের কোনো ঘটনা ঘটেনি। চিকিৎসাধীন রোগীদের নিরাপদ জায়গায় নামিয়ে আনা হয়েছে এবং প্রত্যেকেই সুরক্ষিত রয়েছেন। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় দোতলার অপারেশন থিয়েটারের একাংশ আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। এসিতে শর্টশার্কিটের জেরে এই অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিক অনুমান পুলিশ এবং দমকল বাহিনীর। ইতিমধ্যেই অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমান খতিয়ে দেখবার কাজ শুরু হয়েছে। তবে, এদিনের অগ্নিকাণ্ডের ঘটনা ২০১১ সালের ৯ই ডিসেম্বর কলকাতার ঢাকুরিয়ার আমরি হাসপাতালের ভয়াবহ অগ্নিকাণ্ডের স্মৃতি উস্কে দিলো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *