ভোটের ৪৮ ঘন্টা আগে থেকেই বাইক চালানোয় কড়া নির্দেশিকা নির্বাচন কমিশনের
পুলিশ এবং জেলা প্রশাসনকে কঠোর ভাবে নিয়ম পালনের নির্দেশ, ভোটের ২দিন আগে থেকেই বাইক চালানোয় কড়া বিধিনিষেধ জারি নির্বাচন কমিশনের, শর্তসাপেক্ষে মিলবে ছাড়
নিজস্ব সংবাদদাতা : নির্বাচনের ৪৮ ঘন্টা আগে থেকে বাইক চালানোয় কড়া বিধিনিষেধ জারি করলো নির্বাচন কমিশন (Eelction Commission)। কমিশনের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, ভোটের দু’দিন আগে থেকে কোনও বাইক মিছিল করা যাবে না। সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত বাইক চালানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তবে, সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাইক চালানো যাবে। কিন্তু সেই সময় বাইকের পিছনে কোনও যাত্রী সওয়ার হতে পারবেন না। চিকিৎসা, পারিবারিক কাজ কিংবা স্কুলে শিশুদের নিয়ে যাওয়া-নিয়ে আসা ইত্যাদি জরুরী প্রয়োজনে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না। বিজ্ঞপ্তি অনুযায়ী, সামাজিক অনুষ্ঠানে যাওয়ার জন্য বাইকে সওয়ার হবার ক্ষেত্রেও ছাড় দেওয়ার কথা বলা হয়েছে। অ্যাপভিত্তিক পরিষেবার ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে না। কমিশনের তরফে আরও জানানো হয়েছে, কেউ বিধিনিষেধ থেকে ছাড় পেতে চাইলে তাকে স্থানীয় থানার কাছ থেকে লিখিত অনুমতি নিতে হবে। এছাড়াও কমিশনের বিজ্ঞপ্তিতে ভোটের দিন বাইক চালানোর ক্ষেত্রেও বেশ কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে। ভোটের দিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাইক চালানো যাবে,তবে শর্ত সাপেক্ষে। ভোট দিতে যাওয়ার জন্য বা জরুরি কোনও কাজে বেরোলে তবেই এই ছাড় মিলবে। তবে নির্দিষ্ট কয়েকটি ক্ষেত্রে অবশ্য এই বিধিনিষেধ প্রযোজ্য হবে না। পুলিশ এবং জেলা প্রশাসনকে কঠোর ভাবে এই নিয়ম পালন করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য প্রচারমাধ্যমের সাহায্যেও এই নির্দেশিকা রাজ্যবাসীর কাছে পৌঁছে দেওয়ার কাজও শুরু হয়ে গিয়েছে। আগামী ২৩শে এপ্রিল প্রথম দফা এবং ২৯শে এপ্রিল ২য় দফায় বিধানসভা নির্বাচন। সেই অনুযায়ী ভোটগ্রহণ পর্বের ঠিক ২ দিন আগে থেকে নির্বাচন কমিশনের এই নির্দেশিকা জারি হবে।



