কলকাতা

শিল্পপতিদের সভায় গিয়ে নাম না করে সৌরভকে কটাক্ষ শমীকের

এই সভা থেকেই শমীক নাম না করে সরাসরি আক্রমণ শানান ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক, বাংলার দাদা, সৌরভ গাঙ্গুলির ( Sourav Ganguly)প্রতি। তিনি বলেন "প্রাক্তন মুখ্যমন্ত্রীর সফর সঙ্গী হয়ে বিদেশের মাটিতে দাঁড়িয়ে অনেকেই বাংলায় বড় বড় শিল্পের বার্তা দিয়েছিল, কিন্তু বাস্তবে যার কোনও প্রতিফলন ঘটে নি" ।

মৃত্তিকা সেনগুপ্ত : এবার বাংলার শিল্পপতিদের নতুন সরকারের (BJP Government) পক্ষ থেকে রাজ্যে নতুন শিল্প ভাবনার কথা জানালেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। এদিন তিনি আমন্ত্রিত ছিলেন কলকাতার বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির একটি সভায়। সেই সভায় উপস্থিত রাজ্যের বিশিষ্ট শিল্পপতিদের আশ্বস্ত করে শমীকবাবু জানিয়ে দিলেন- “বাংলায় এখন শিল্পবান্ধব পরিস্থিতি” তৈরী হয়েছে। শিল্পক্ষেত্রে কোনও ভাবেই রাজনৈতিক দাদাগিরি বরদাস্ত করা হবে না। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের পাশাপাশি তিনি বাংলায় বৃহৎ শিল্প গড়ে তোলার আহ্বান জানান উপস্থিত শিল্পপতিদের। তিনি অভিযোগ করেন, পূর্ববর্তী সরকারের আমলে এমন এক ভয়ের পরিস্থিতি সৃষ্টি করা হয়েছিল রাজ্যের শিল্প ক্ষেত্রে, ‘তোলাবাজি’ বা ‘কাটমানি’ প্রথার জাঁতাকলে পড়ে এ রাজ্যের শিল্পপতিরা বাধ্য হয়েছিলেন প্রতিবেশী ওড়িশা, উত্তরাখন্ড বা উত্তর প্রদেশ, এমনকি গুজরাটে চলে যেতে। তিনি বলেন সেই অন্ধকার সময় কেটে গেছে রাজ্যের শিল্পের আকাশ থেকে। এখন রাজ্যে শিল্পপতিরা বিনিয়োগ করুন নিশ্চিন্তে, সরকার আপনাদের পাশে থাকতে বদ্ধপরিকর। আবার এই সভা থেকেই শমীক নাম না করে সরাসরি আক্রমণ শানান ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক, বাংলার দাদা, সৌরভ গাঙ্গুলির ( Sourav Ganguly)প্রতি। তিনি বলেন “প্রাক্তন মুখ্যমন্ত্রীর সফর সঙ্গী হয়ে বিদেশের মাটিতে দাঁড়িয়ে অনেকেই বাংলায় বড় বড় শিল্পের বার্তা দিয়েছিল, কিন্তু বাস্তবে যার কোনও প্রতিফলন ঘটে নি” । প্রসঙ্গত উল্লেখযোগ্য ২০২৩ সালে রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন স্পেনে পাড়ি দিয়েছিলেন বাংলায় লগ্নি খুঁজতে, সেই সফরে সঙ্গী হিসেবে দেখা গিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়কেও। আর সেই সুদূর বিদেশের মাটি থেকেই সৌরভ জানিয়েছিলেন, তিনি বাংলায় ইস্পাত শিল্পে বড় বিনিয়োগ করতে চলেছেন। কিন্তু এতো বছর পরেই সেই ঘোষণার কোন বাস্তব রূপায়ণ দেখে নি বাংলার মানুষ। শমীক ভট্টাচার্যের সরাসরি কটাক্ষ “আমি এক ভদ্রলোককে চিনতাম, জানতাম তিনি ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে বিশাল সব ওভার বাউন্ডারি মারতেন। হঠাৎ দেখলাম, তিনি বাউন্ডারির বাইরে থেকে বল ছুড়ছেন! স্পেন থেকে ঘোষণা করা হচ্ছে বাংলার শিল্পের কথা। অথচ সেই শিল্পের হদিস আজ অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজলেও মিলবে না।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *