ফের মহার্ঘ পেট্রল ও ডিজ়েল ! ১০ দিনে ৩য় বার মূল্যবৃদ্ধি
আবারও বাড়লো পেট্রল ও ডিজ়েলের দাম ! এই নিয়ে ১০ দিনে ৩য় বার মূল্যবৃদ্ধি,অগ্নিমূল্য বাজারদরের আতঙ্কে আমজনতা

নিজস্ব সংবাদদাতা : ফের বাড়লো পেট্রল-ডিজেলের দাম, এক মাসের মধ্যে এই তৃতীয় বার বাড়লো পেট্রল-ডিজেলের দাম। শনিবার থেকে কলকাতায় প্রতি লিটার পেট্রলের দাম বেড়েছে ৯৪ পয়সা। যার জেরে এদিন থেকে এক লিটার পেট্রল কিনতে হচ্ছে ১১০ টাকা ৬৪ পয়সা দিয়ে। পাশাপাশি কলকাতায় ডিজ়েলের দাম ৯৫ পয়সা করে বেড়ে যাওয়ায় প্রতি লিটারে নতুন দাম হয়েছে ৯৭ টাকা ২ পয়সা। উল্লেখ্য,গত ১৫ই মে দেশজুড়ে পেট্রলের দাম এক ধাক্কায় লিটার প্রতি ৩ টাকা বেড়ে গিয়েছিলো। এরপরেই ১৯ মে আরও ৯০ পয়সা করে পেট্রলের দাম বৃদ্ধি হয়। তারপরে আবারও শনিবার অর্থাৎ ২৩ মে নতুন করে দাম বৃদ্ধির ফলে মাত্র ১০ দিনের মধ্যে পেট্রল-ডিজেলের প্রায় ৫ টাকা মূল্যবৃদ্ধি হলো। মূলত, পশ্চিম এশিয়ায় চলতে থাকা লাগাতার সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম বাড়ায় ধাপে ধাপে সেই চাপ খুচরো বাজারেও পড়ছে। আর এক মাসের মধ্যে পর পর ৩বার পেট্রল ও ডিজ়েলের মূল্যবৃদ্ধির জেরে সাধারণ মানুষর পকেটেও যে টান পড়ছে তা বলাইবাহুল্য। কারণ,জ্বালানির দাম বাড়লে তার সরাসরি প্রভাব পড়ে বাজারদর, পণ্য পরিবহণ সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রেরর উপরে। ফলে এই পরিস্থিতিতে অগ্নিমূল্য বাজারদরের আতঙ্কে ভুগছেন আমজনতা।



