নূন্যতম মজুরির দাবীতে কর্মবিরতিতে ডেলিভারি কর্মীরা
মজুরির বৃদ্ধির দাবী মানতে নারাজ কোম্পানী,কর্মবিরতিতে ডেলিভারি কর্মীরা,চাঞ্চল্য খড়দহে
নিজস্ব সংবাদদাতা: কমিশন এবং ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবীতে গিগ ওয়ার্কার (Gig Worker) বা ডেলিভারী কর্মীরা প্রায়শই বিভিন্ন অনলাইন ফুড, কুইক সার্ভিস সংস্থার বিরুদ্ধে বিক্ষোভ দেখানো সহ ধর্মঘটের পথ বেছে নেন। এছাড়াও কোনো কারন ছাড়াই সেই সব সংস্থার পক্ষ থেকে আইডি ব্লক করে দেওয়ার নিয়মের বিরুদ্ধেও প্রায়শই প্রতিবাদে সামিল হতে দেখা যায় গিগ ওয়ার্কার বা ডেলিভারী কর্মীদের। সারাটা বছর ধরে মানুষকে প্রয়োজনীয় পরিষেবা দেওয়ার জন্য রোদ-ঝড়-বৃষ্টি উপেক্ষা করে দিনের পর দিন পরিশ্রম করে যাচ্ছেন তারা। কিন্তু এই মূল্যবৃদ্ধির বাজারে তাদের নূন্যতম কমিশনটুকুও বাড়াতে নারাজ সংস্থার কর্তৃপক্ষ এমনি অভিযোগ খড়দহের (Khardaha) বলরাম হাসপাতাল সংলগ্ন এম এস মুখার্জী রোডের একটি ডেলিভারি সংস্থার কর্মীদের। অন্যান্য কোম্পানিতে যে পরিমান কমিশন দেওয়া হয়, তার তুলনায় এই কোম্পানিতে কমিশনের পরিমান অনেকটাই কম। আর এদিন তাদের পে আউট ইস্যু নিয়েই সরব হয়েছেন ওই সংস্থার ডেলিভারী কর্মীরা। ওই কোম্পানিতে প্রায় দেড়শ জন ডেলিভারি কর্মী কাজ করেন। সকলে মিলে কোম্পানির ম্যানেজারকে তাদের দাবী জানানো সত্ত্বেও কোনো সুরাহা না হওয়ায় বাধ্য হয়ে এদিন সারাদিন ধরে কর্ম বিরতি পালন করলেন তারা।
কর্তৃপক্ষ তাদের দাবী মানতে নারাজ, উল্টে কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, প্রয়োজনে তাদের আইডি ব্লক করে দেওয়া হবে। এমনকি কাজ থেকে ছাড়িয়ে দেওয়ার হুমকীও দিয়েছে কর্তৃপক্ষ, এমনটাই অভিযোগ ডেলিভারী কর্মীদের। তবে, তাদের এই দাবী না মানা হলে আপাতত তারা কাজে যোগদান দেবেন না,পাশাপাশি এই সমস্যার সমাধানে বিধায়ক ডঃ কল্যান চক্রবর্তীর হস্তক্ষেপের অনুরোধও করেছেন তারা।



