জেলবন্দী প্রসেনজিৎ সাহা, TMC’র মদতে জমি জবরদখল হবার অভিযোগে ফের উত্তপ্ত খড়দহ
গ্রামবাসীদের অভিযোগ, প্রসেনজিৎ সাহা এবং প্রবীর রাজবংশীর মদতেই জনৈক জমি মাফিয়া বাপি মন্ডল সরকারি নিকাশি নালার ওপর দিয়ে পাঁচিল তুলে দিয়েছে। সেই সঙ্গে এলাকারই একটি ক্লাবের খেলার মাঠের বেশ কিছুটা অংশও জবরদখল করে সেই পাঁচিল নির্মিত হয়েছে বলে দাবি তাদের।
৭এ নিউজ ডেস্ক: হুমকি ও তোলাবাজির অভিযোগে খড়দহের (Khardaha) বন্দিপুর পঞ্চায়েতের উপপ্রধান প্রসেনজিৎ সাহার গ্রেপ্তারির খবর ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। এবার উপপ্রধানের জেলযাত্রা হতেই তাঁর মদতে জমি জবরদখলের অভিযোগে ফের সরব হলেন এলাকাবাসীরা। সেই সঙ্গে একই অভিযোগ আনা হয়েছে স্থানীয় তৃণমূল (TMC) সমিতির সভাপতি প্রবীর রাজবংশীর বিরুদ্ধেও। গ্রামবাসীদের অভিযোগ, প্রসেনজিৎ সাহা এবং প্রবীর রাজবংশীর মদতেই জনৈক জমি মাফিয়া বাপি মন্ডল সরকারি নিকাশি নালার ওপর দিয়ে পাঁচিল তুলে দিয়েছে। সেই সঙ্গে এলাকারই একটি ক্লাবের খেলার মাঠের বেশ কিছুটা অংশও জবরদখল করে সেই পাঁচিল নির্মিত হয়েছে বলে দাবি তাদের।
প্রসঙ্গত এর আগেও ক্লাবের খেলার মাঠের জমির একাংশ ও সরকারি সম্পত্তি জবরদখল করার এই অভিযোগে সরব হয়েছিলেন স্থানীয়রা। এমনকি অভিযোগ জানানো হয়েছিল তৎকালীন স্থানীয় প্রশাসনের কাছেও। তবে মেলেনি কোনো সুরাহা। এবার রাজ্যে পালাবদল হতেই আবারো ক্লাবের জমি পুনুরুদ্ধার করতে তৎপর ক্লাবের সদস্যরা। অন্যদিকে গোটা ঘটনার প্রেক্ষিতে স্থানীয় বিজেপি (BJP) নেতা মলয় চক্রবর্তীর দাবি, তাদের সরকারের আমলে প্রসেনজিৎ সাহার মতো দুষ্কৃতীদের একমাত্র জায়গা হবে জেল।
ইতিমধ্যেই জমি জবরদখলের বিষয়ে রহড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ক্লাবের তরফে। জমি ফিরে পেতে স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এবং খড়দহের বিধায়ক কল্যাণ চক্রবর্তীর কাছেও আবেদন জানিয়েছেন তারা। কবে মিলবে প্রতিকার ? সেটাই এখন দেখার।



